- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২১, ২০২৬
‘আগামী দিনে মেদিনীপুরের দায়িত্বে অভিষেক’, হলদিয়ার সভা থেকে ঘোষণা মমতার, তীব্র আক্রমণ শুভেন্দুকে
নাম না করে হলদিয়ার নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতা করলেন বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই মেদিনীপুর নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও মঙ্গলবার জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী প্রচার সভা থেকেই তৃণমূল নেত্রীর ঘোষণা, ভবিষ্যতে মেদিনীপুরের দায়িত্ব থাকবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই। এ বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে।’
পাশাপাশি এই সভা থেকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। নাম না করে তাঁকে ‘গদ্দার’ বলে অভিহিত করে মমতা বলেন, ‘হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি।’ ২৬-এর ভোটের কাউন্টিংয়েও লোডশেডিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তৃণমূল নেত্রী।
এ দিন হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী মাঠে নির্বাচনী প্রচারে যোগ দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমোর নিশানায় নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে নাম না করে মমতা বলেন, ‘তোমাদের এত অহঙ্কার, এক ভাই সাংসদ। তুমি বিধায়ক। আর এক ভাইও বিধায়ক। পুরো পরিবার মিলে রয়েছে। এদিকে এমএলএ ইলেকশনে আমাদের পরিবার থেকে আমি ছাড়া কেউ দাঁড়ায়নি।’ এ প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমোর মুখে উঠে আসে অভিষেকের কথা। তিনি বলেন, ‘অভিষেককে রোজ গালাগালি দেয় ( পড়ুন শুভেন্দু অধিকারী)। অভিষেকের সঙ্গে লড়াইয়ে পারো না আর আমার সঙ্গে লড়বে? আমি বলে গেলাম, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে। আমি তো থাকবই। এই গদ্দারদের রাজনৈতিক ভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের।’
প্রসঙ্গত, বিভিন্ন নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়ের পরে এলাকার উন্নয়নের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেবেন। তবে এই প্রথম তৃণমূল সুপ্রিমো সরাসরি মেদিনীপুরের কেন্দ্রগুলোর দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন।
❤ Support Us






