- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২২, ২০২৬
কলকাতায় রাহুলের সভায় মিলল না অনুমতি, শুরু রাজনৈতিক তরজা
২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে আসার কথা ছিল রাহুল গান্ধির। কিন্তু নির্ধারিত সেই সভা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় বলে কংগ্রেস সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সভার জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি। তাদের দাবি, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের কাছ থেকে কোনও অনুমোদন মেলেনি। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাহুল গান্ধির দুটি সভার অনুমতির জন্য অপেক্ষা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি।
কংগ্রেস সূত্রে আরও জানানো হয়েছে, ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসনিক অনুমতির আশায় অপেক্ষা করা হয়েছিল। অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সভা বাতিল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দলটি। তবে কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে, তারা নতুন করে আবেদন জানাবে। ২৫ বা ২৬ এপ্রিল কলকাতায় রাহুল গান্ধির সভা করার জন্য ফের প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হবে।
অন্যদিকে, এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও বিদায়ী মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, কেন অনুমতি দেওয়া হয়নি, সেই বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে নির্বাচন কমিশনই।
তবে রাহুল গান্ধি কলকাতায় সভা করতে না আসা ইন্ডিয়া জোটের পক্ষে ইতিবাচক হবে। কারণ সম্প্রতি রাজ্যে প্রচারে এসে রাহুল গান্ধি রাজ্যে শিল্প, কর্মসংস্থান, শিক্ষা সব কিছু অধঃপতনে গেছে বলে মন্তব্য করে রাজ্যে ও কেন্দ্রে শিল্পায়নে বিপর্যয়ের জন্য তৃণমূল-বিজেপিকে এক বন্ধনীতে রেখে তীব্র সমালোচনা করেন। তবে কিছুদিন আগে সংসদে নারী সংরক্ষণ ও ডিলিমিটেশন বিলের বিরোধিতায় তৃণমূল সাংসদদের সহযোগিতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অভিনন্দন জানান বলে তৃণমূল সূত্রে জানান হয়। তাই রাহুলের কলকাতার সভা বাতিল হওয়ায় আপাতত তৃণমূল-কংগ্রেস সম্পর্কের স্থিতাবস্থা বজায় থাকছে বলে রাজনৈতিক অভিজ্ঞদের মত।
❤ Support Us







