- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৩০, ২০২৬
মোথাবাড়ি কাণ্ডে ৫২ অভিযুক্তের জামিন খারিজ
মালদহের মোথাবাড়িতে এসআইআর সংক্রান্ত কাজ করতে গিয়ে বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় গ্রেফতার ৫২ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করল এনআইএ আদালত । আদালত নির্দেশ দিয়েছে, মোফাক্কেরুল ইসলাম-সহ সমস্ত অভিযুক্তকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে ।
ঘটনাটি ঘটেছিল যখন কলকাতা হাই কোর্টের নির্দেশে এসআইআর-এর আওতায় থাকা ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির কাজে নিযুক্ত বিচারকেরা কালিয়াচক-২ ব্লক অফিসে কাজ করছিলেন । অভিযোগ, বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ মানুষ সাত বিচারককে ঘেরাও করে এবং তাঁদের রাত পর্যন্ত অফিসের ভিতরে আটকে রাখে । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ।
আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দেয় । যদিও তার আগে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারি শুরু করে। মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়— কেউ রাজ্য পুলিশের হাতে, আবার কেউ এনআইএ-র হাতে ধরা পড়েন ।
তদন্তভার হস্তান্তর নিয়ে প্রথমে রাজ্য পুলিশ ও এনআইএ-র মধ্যে টানাপড়েন দেখা যায় । এনআইএ অভিযোগ করে, আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ তদন্ত সংক্রান্ত নথি হস্তান্তরে দেরি করছে । অবশেষে আদালতের হস্তক্ষেপে মামলা ও অভিযুক্তদের দায়িত্ব এনআইএ-র হাতে তুলে দেওয়া হয় ।
বৃহস্পতিবার অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও, তার বিরোধিতা করে এনআইএ । সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ১২ মামলার প্রতিটিতেই জেল হেফাজতের নির্দেশ দেন । এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ জানান, “মোথাবাড়ি মামলার সবকটি শুনানিতেই জেল হেফাজতের নির্দেশ হয়েছে । তদন্তকারী আধিকারিকরা দ্রুত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছেন ।”
❤ Support Us






