- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৬, ২০২৬
স্থগিত কলকাতা পুরভোট ! নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাই কোর্টের
কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেয়। ফলে আপাতত কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশের ক্ষেত্রে আইনি বাধা তৈরি হলো।
কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা আগে ছিল ১৪৪টি। পরবর্তীকালে সে সংখ্যা বাড়িয়ে ২০৯টি করা হয়। এই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া আইন মেনে সম্পন্ন হয়নি বলে অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন কসবার বাসিন্দা তথা সিপিআইএম নেতা দীপু দাস। মামলায় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ প্রথমে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। বরং মামলার দুই পক্ষের কাছ থেকে হলফনামা চেয়ে পাঠায়। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, রাজ্যের হলফনামার পরবর্তী দু-সপ্তাহের মধ্যে মামলাকারীকে নিজের বক্তব্য জানাতে বলা হয়।
তবে সিঙ্গল বেঞ্চের এ নির্দেশে সন্তুষ্ট হননি মামলাকারী। তাঁর আশঙ্কা ছিল, এই প্রক্রিয়ায় ছয় সপ্তাহ সময় পেরিয়ে গেলে তার মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দায়ের করা মামলার আর কোনো কার্যকর গুরুত্ব থাকবে না। এ যুক্তি দেখিয়েই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতেই শুক্রবার গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। ফলে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জট না কাটলে কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা সম্ভব হবে না। এখন সিঙ্গল বেঞ্চে চলা মামলার নিষ্পত্তির দিকেই নজর রাজনৈতিক মহল ও কলকাতার বাসিন্দাদের।
এদিকে, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। সে মতোই এগোচ্ছিল রাজ্যের পুরসভা নির্বাচনের প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে নির্ধারিত সূচি থেকে সরে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জারি করা নির্দেশিকায় কমিশন জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না। কবে সে তালিকা প্রকাশিত হবে, তা-ও স্পষ্ট করেনি কমিশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর নতুন দিনক্ষণ জানানো হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। গত ১২ অক্টোবর জারি করা ৮৬০ ও ৮৬১ নম্বর নির্দেশিকায় ১২ নভেম্বর তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল। ৫ নভেম্বরের নতুন নির্দেশিকায় আপাতত সে সময়সীমা স্থগিত রাখল কমিশন।
কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত করার সম্ভাব্য দিন ধার্য হয়েছে আগামী বছরের ১৬ জানুয়ারি। পাশাপাশি, ডিলিমিটেশন বা ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে ভোটগ্রহণ কেন্দ্রের বিন্যাসও সাজানোর কাজ চলছে। ফলে ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন আয়োজন কার্যত অনিশ্চিত বলেই মনে করছে প্রশাসনের একাংশ। কারণ, ভোটের আগে কোন ভোটারের নাম কোন তালিকায় থাকবে, কার ঠিকানা বদলের কারণে বুথ পরিবর্তন প্রয়োজন, কিংবা নতুন সীমানা অনুযায়ী কোন এলাকার ভোটার কোথায় ভোট দেবেন — সব কিছু চূড়ান্ত করা জরুরি। নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশিত হলে ডিসেম্বরের শেষ দিকে কলকাতা পুরসভার ভোট হতে পারে বলে প্রাথমিক ভাবে ধরে নেওয়া হয়েছিল। এখন সে সম্ভাবনায় ধাক্কা লাগায় কলকাতা ও হাওড়ার পুরভোট কি শেষ পর্যন্ত ২০২৭ সালের গোড়ায় গড়াবে, সে জল্পনাই জোরালো হচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি রাজ্য নির্বাচন কমিশন।
❤ Support Us





