Advertisement
  • বি। দে । শ
  • মে ২০, ২০২৬

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা?

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা?

বুধবার ভোরে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণাঞ্চল। দেশটির কাগোশিমা অঞ্চলকে কেন্দ্র করে হওয়া ভূমিকম্পের জেরে বহু এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এবং জাপানের আবহাওয়া দপ্তর জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ থেকে ৬.২-এর মধ্যে। কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ওকিনাওয়ার মূল দ্বীপ এবং দক্ষিণ জাপানের একাধিক এলাকায়। তবে স্বস্তির খবর, এখনো পর্যন্ত কোনো বড়ো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর সামনে আসেনি। পাশাপাশি ভূমিকম্পের পর আপাতত সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের জেরে বহু এলাকায় ভবন কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির উপর নজর রাখছে জাপান প্রশাসন। পাশাপাশি পরবর্তী আফটারশকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, মাত্র চার দিন আগেই জাপানের মূল দ্বীপ হনশুর পূর্ব উপকূলে ৬-এর বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। কম্পনের জেরে কিছু সময়ের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয় এবং তাইহোকু অঞ্চলের বিভিন্ন অংশে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের উপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ফলে বড়ো ধরণের কম্পনের পর প্রশাসন সর্বদাই উচ্চ সতর্কতায় থাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!