- এই মুহূর্তে দে । শ
- মে ২২, ২০২৬
দশ দিন পর জেলমুক্তি, শর্তসাপেক্ষে জামিন পেলেন গর্গ চট্টোপাধ্যায়
১০ দিন পর অবশেষে জামিনে মুক্তি পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলাতেই জামিন মেলায় জেলমুক্তির পথে আর কোনও আইনি বাধা রইল না। খুব শিগগিরই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানা গিয়েছে। এ খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলা পক্ষের সদস্য ও সমর্থকদের মধ্যে।
ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গত ১২ মে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। নির্বাচন চলাকালীন বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ তুলে উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক (ডিইও) সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই লালবাজার থেকে গর্গকে দু-বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে তিনি হাজিরা না দেওয়ায় ১২ মে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওইদিন রাতেই তাঁকে লালবাজারের লক-আপে রাখা হয়। পরদিন আদালতে পেশ করা হলে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ফলে গত কয়েকদিন তাঁকে জেলেই থাকতে হয়।
শুক্রবার কারাগার থেকে ভারচুয়ালি তাঁকে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। শুনানির পর বিচারক ২ হাজার টাকার বন্ডে শর্তাধীন জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে গর্গ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে ময়দান থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। এবার সাইবার থানার মামলাতেও জামিন মেলায় তাঁর জেলমুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হলো।
❤ Support Us






