- এই মুহূর্তে দে । শ
- জুন ৬, ২০২৬
এনআইএর জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, সোনারপুর থেকে গ্রেফতার; ধৃত ঘনিষ্ঠ সহযোগী শামসুলও
ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দীর্ঘ তল্লাশি ও নজরদারির পর অবশেষে গ্রেপ্তার করা হল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের প্রভাবশালী নেতা শওকত মোল্লাকে । তাঁর ঘনিষ্ঠ সহযোগী শামসুলকেও গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা ।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে । যদিও তাঁর পরিবারের দাবি, চিংড়িহাটা এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে এবং তিনি আত্মসমর্পণ করেছেন । গ্রেপ্তারের পর শওকতকে এনআইএ দফতরে নিয়ে যাওয়া হয়েছে । শনিবার তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ভাঙড় ও ক্যানিং এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালায় এনআইএর একাধিক দল। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় বিধানসভা নির্বাচনের আগে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ মামলার তদন্তেই এই অভিযান চালানো হয় । ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন একাধিক ব্যক্তি ।
তদন্তের অংশ হিসেবে শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তবে তদন্তকারীরা পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ । এরপর ক্যানিং, ভাঙড় ও সোনারপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে এনআইএ । এমনকি তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ।
শুক্রবার রাতে প্রথমে গ্রেপ্তার করা হয় শওকতের ঘনিষ্ঠ সহযোগী শামসুলকে। তদন্তকারীদের দাবি, শামসুলের মোটরবাইকেই শেষবার শওকত মোল্লাকে দেখা গিয়েছিল। এরপর রাতেই শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এনআইএ।
অন্যদিকে, শওকত মোল্লার মেয়ে জানিয়েছেন, “আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। বাবা বাড়িতে ছিলেন না, ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন। ফিরে আসার পর আমরা তদন্তকারীদের সঙ্গে কথা বলে তাঁকে তাদের হাতে তুলে দিয়েছি।”
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের সময় শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। কোনও অত্যাচার হলে ছেড়ে কথা বলব না। দরকার হলে আমার নিরাপত্তারক্ষীদেরও শওকতের জন্য দিয়ে দেব।”
এর আগে একই বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা আহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই শওকত মোল্লার বিরুদ্ধে অভিযান চালায় এনআইএ। অবশেষে দীর্ঘ তল্লাশি ও জল্পনার পর শুক্রবার রাতে গ্রেপ্তার হলেন ভাঙড়ের এই প্রভাবশালী তৃণমূল নেতা।
❤ Support Us








