- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৬
রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, ১৭৯ জন আইপিএস ও পুলিশ আধিকারিকের বদলি, একাধিক জেলার এসপি পরিবর্তন
২৬-এর বিধানসভা নির্বাচনের পালাবদলের পর রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল। মোট ১৭৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে বলে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট, সিআইডি, এসটিএফসহ একাধিক জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একাধিক জেলার পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার পদও অন্তর্ভুক্ত রয়েছে।
নবান্ন সূত্রে জানা গেছে, এটি মূলত রুটিনমাফিক প্রশাসনিক বদলি। তবে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর এবং ভোটপর্ব শেষ হওয়ার পরে নতুন সরকারের অধীনে এই প্রথম এত ব্যাপক আকারে প্রশাসনে রদবদল করা হলো। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বাঁকুড়া, মালদা রেঞ্জসহ একাধিক বিভাগের আইজিপি পদেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার পুলিশ সুপার পদে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে।
বীরভূমের এসপি সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ট্রাফিক) পদে বদলি করা হয়েছে। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে নর্থ বেঙ্গল আইবির ডিআইজি পদে পাঠানো হয়েছে। পুরুলিয়ার এসপি বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে নিয়োগ করা হয়েছে। বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পাকে পূর্ব বর্ধমানের এসপি হিসেবে বদলি করা হয়েছে, এবং কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি ওয়াই রঘুবংশীকে নর্থ বেঙ্গল এসটিএফ এসপি করা হয়েছে। ডায়মন্ড হারবারের এসপি ঈশানি পালকে কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি পদে পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও নতুন নিয়োগ অনুযায়ী জলপাইগুড়ির এসপি হয়েছেন সুজাতাকুমারী বীণাপানি, বারাসতের এসপি হয়েছেন জে মার্সি, ডায়মন্ড হারবারের এসপি হয়েছেন চন্দ্রশেখর বর্ধন, দক্ষিণ দিনাজপুরের এসপি হয়েছেন অভিষেক গুপ্তা, বারুইপুরের এসপি হয়েছেন অরবিন্দ কুমার আনন্দ, বীরভূমের এসপি হয়েছেন ভি. আর. ভুনদেশ, বাঁকুড়ার এসপি হয়েছেন ভি. জি. সতীশ পসুমার্থি, হাওড়া গ্রামীণের এসপি হয়েছেন অমিত বর্মা, পুরুলিয়ার এসপি হয়েছেন কুমার সানি রাজ এবং হুগলি গ্রামীণের এসপি হয়েছেন কে. ভূষণ সিং।এর পাশাপাশি অ্যাডিশনাল এসপি ও এসডিপিও পদেও একাধিক রদবদল করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে রাজ্যে বহু আইপিএস অফিসার ও জেলা পুলিশ সুপার বদলি করা হয়েছিল। পাশাপাশি একসঙ্গে ১৭৩টি থানার ওসি ও আইসি-দের বদলির নির্দেশও দিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক এডিজি ও আইজিপি, পাশাপাশি হাওড়া, ব্যারাকপুর ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারদেরও বদলি করা হয়েছিল।
❤ Support Us







