Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১১, ২০২৬

২২-৩০% ইথানল মিশ্রিত পেট্রলে আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড়, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে বড়ো পদক্ষেপ কেন্দ্রের 

আরম্ভ ওয়েব ডেস্ক
২২-৩০% ইথানল মিশ্রিত পেট্রলে আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড়, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে বড়ো পদক্ষেপ কেন্দ্রের 

দেশে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে এবং অপরিশোধিত তেলের আমদানির উপর নির্ভরতা কমাতে ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলকে আবগারি শুল্কমুক্ত করার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-২২, ই-২৫, ই-২৭ এবং ই-৩০— এই চার ধরনের ইথানল মিশ্রিত জ্বালানির উপর সম্পূর্ণ আবগারি শুল্ক ছাড় দেওয়া হবে।

এর আগে দেশে ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রল চালু করা হয়েছিল। এবার আরও বেশি হারে ইথানল ব্যবহারে উৎসাহ দিতেই কেন্দ্র এই নতুন পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ই-৮৫ (৮৫ শতাংশ ইথানল মিশ্রিত) জ্বালানিও চালু হয়েছে। দিল্লির একটি পেট্রল পাম্প থেকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজে ই-৮৫ জ্বালানি বিতরণের মাধ্যমে এ প্রকল্পের সূচনা করেন।

বিশেষজ্ঞদের মতে, ২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলের উপর শুল্কমুক্তির সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে, কেন্দ্র ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়াতে আগ্রহী। এর ফলে একদিকে যেমন পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়বে, অন্যদিকে বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির প্রয়োজনও কমতে পারে।

বর্তমানে ভারতের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। সেই চাপ কমাতে এবং দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি দেশবাসীর কাছে জ্বালানির অপচয় কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ এবং ‘কারপুল’ ব্যবহারের পরামর্শও দেন।

উল্লেখ্য, গত মে মাসের দ্বিতীয়ার্ধে একাধিক দফায় বেড়েছিল পেট্রল-ডিজেলের দাম। ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা পেট্রলের দাম বৃদ্ধি পায়। এরপর ১৯ মে আরও ৯০ পয়সা, ২৩ মে ৮৭ পয়সা এবং ২৫ মে আবার মূল্যবৃদ্ধি করা হয়। মাত্র ১০ দিনের মধ্যে চার দফায় দাম বেড়ে পেট্রল-ডিজেলের মূল্য লিটার প্রতি ৭ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে তুলনামূলক সাশ্রয়ী এবং দেশীয় উৎসভিত্তিক জ্বালানিকে জনপ্রিয় করে তুলতেই ২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলের উপর আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!