Advertisement
  • বি। দে । শ
  • জুন ১৬, ২০২৬

আকাশেই অগ্নিদগ্ধ মার্কিন সামরিকবাহিনীর বোমারু বিমান

আরম্ভ ওয়েব ডেস্ক
আকাশেই অগ্নিদগ্ধ মার্কিন সামরিকবাহিনীর বোমারু বিমান

একদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন। তার রেস কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটা বি–৫২ বোমারু বিমান ধ্বংস হয়ে ৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি আকাশেই ধ্বংস হয়। আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েক মাইল দূর থেকে আগুনের কুণ্ডলী চোখে পড়ছিল।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে এডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে বিমানবাহিনীর এই বি–৫২ বিমানটি আকাশে উড়েছিল। এই বিমান ঘাঁটিটি লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনার কবলে পড়ার সময় বিমানটিতে সামরিক বাহিনীর লোকজন, সরকারি ও বেসামরিক ঠিকাদারেরা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে।

১৯৫০–এর দশক থেকে বোয়িং বি–৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী। বিশাল আকৃতির এই বিমানকে ‘দ্য বাফ’ নামে ডাকা হয়। এটা দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে এই বিমান ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। বিশালাকৃতির এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। শ’‌খানেক সাধারণ ক্ষেপনাস্ত্র কিংবা ক্রুজ ক্ষেপনাস্ত্র মিলিয়ে প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে এই বি–৫২ বোমারু বিমান।
এই বিমানের আর একটা বৈশিষ্ট হল আকাশে উড়ন্ত অবস্থাতেই জ্বালানি ভরা যায়। ফলে এটা বিশ্বের যে কোনও প্রান্তে হামলা চালাতে সক্ষম। বি–৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানে পাঁচজন কর্মী থাকেন। তাঁদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর ও একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা। বিমানটি কেন ভেঙে পড়লো, তার তদন্ত শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!