- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ৩, ২০২৬
এভারেস্টের বেসক্যাম্পে ভয়াবহ দুর্ঘটনা ! আকাশেই দুই হেলিকপ্টারের সংঘর্ষ
নেপালের হিমালয় পর্বতমালায় এভারেস্টের বেসক্যাম্পের কাছে ভয়াবহ দুর্ঘটনা। অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষ হল দু’টি হেলিকপ্টারের। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও এক জন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত ভারতীয় পর্যটকের নাম বসন্তকুমার বলরামরামাদু। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একই জায়গায় অবতরণের চেষ্টা করছিল দু’টি হেলিকপ্টার। সেই সময় আচমকাই একটির সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দু’টি কপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ের কোলে অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তার পরই দু’টি কপ্টার মাটিতে ভেঙে পড়ে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নেপালের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দু’টির একটি ‘এয়ার ডায়নাস্টি’ এবং অন্যটি ‘ফিশটেল এয়ার’ সংস্থার। মৃত ভারতীয় পর্যটক ছিলেন ফিশটেল এয়ারের হেলিকপ্টারে। সোলুখুম্বু জেলার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দু’টি হেলিকপ্টারে মোট কত জন যাত্রী ও কর্মী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
দুর্ঘটনাস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। অন্য দিকে, এভারেস্টের বেসক্যাম্প থেকে ফেরিচের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। কোশী প্রদেশের সোলুখুম্বু জেলার এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৩৭১ মিটার উচ্চতায় অবস্থিত। চারদিকে হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গ ঘেরা ফেরিচে মূলত শেরপা অধ্যুষিত এলাকা। এভারেস্ট অভিযানে যাওয়া বহু পর্যটক ও পর্বতারোহী এই গ্রামকে যাত্রাপথের গুরুত্বপূর্ণ বিরতি হিসেবে ব্যবহার করেন।
নেপালে দুর্গম পার্বত্য এলাকায় পর্যটক ও পর্বতারোহীদের পৌঁছে দেওয়া, জরুরি সামগ্রী পরিবহণ এবং বিপদে পড়া মানুষকে উদ্ধার করার কাজে হেলিকপ্টারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হিমালয়ের মতো দুর্গম ও উচ্চতাসম্পন্ন এলাকায় বিমান চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ। মুহূর্তের মধ্যে আবহাওয়ার পরিবর্তন, প্রবল হাওয়া এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়।
এর আগেও নেপালে একাধিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তবে মঙ্গলবারের এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কী ভাবে একই সময়ে অবতরণের চেষ্টা করতে গিয়ে দু’টি কপ্টারের সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে নেপাল পুলিশ।
❤ Support Us







