- দে । শ
- জুন ১৯, ২০২৬
ইস্তফা গৌতমের
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। তিনি পুর কমিশনারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং পুরসভা সূত্রে জানা গিয়েছে, সেই পদত্যাগপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে। বর্তমান বোর্ডের মেয়াদ এখনও প্রায় এক বছর বাকি থাকলেও বর্ষাকালের মধ্যে মেয়রের পদত্যাগে শহরের পুর পরিষেবা ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
সূত্রের খবর, বৃহস্পতিবার মেয়র পারিষদদের নিয়ে একটি বৈঠক করেন গৌতম দেব। সেই বৈঠকেই তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানান। যদিও মেয়র পারিষদদের একাংশ তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, তবুও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি।
পদত্যাগের পর গৌতম দেব বলেন, “বর্তমান রাজ্য সরকারের সব কাজই আমি করেছি। তারপরও আমার মনে হয়েছে কোথাও যেন ছন্দপতন হচ্ছে। কোনও বিদ্বেষের মনোভাব নিয়ে আমি এই পদ ছাড়ছি না। নতুন রাজ্য সরকারকে শুভেচ্ছা জানাই।”
গৌতম দেবের ইস্তফা প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “উনি কী কারণে পদত্যাগ করেছেন, তা আমার জানা নেই। তবে শুনেছি মেয়র পারিষদদের সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য ছিল। আমার পক্ষে ওঁকে যতটা সাহায্য করা সম্ভব ছিল, আমি করেছি।”
রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী গৌতম দেব ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে জয়ী হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হন। ২০১৬ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি রাজ্যের পর্যটনমন্ত্রীর দায়িত্বও সামলান। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন। এরপর তিনি পুরভোটে জয়ী হয়ে শিলিগুড়ির মেয়র পদে আসীন হন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী করলেও তিনি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন। একই সঙ্গে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে এবং বিজেপি সরকার গঠন করে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভায় তৃণমূলের নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করে।
উল্লেখ্য, এর আগেই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার শিলিগুড়ির মেয়র পদ থেকেও সরে দাঁড়ালেন গৌতম দেব। ফলে রাজ্যের পুর প্রশাসনে তৃণমূলের প্রভাব আরও কমে যাওয়ার ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
❤ Support Us





