- দে । শ
- জুন ১৯, ২০২৬
কাটোয়ায় উদ্ধার বিপুল অস্ত্র, ধৃত ৩
পুকুর পাড়ে বিপুল অস্ত্রভাণ্ডার। কলকাতা থেকে এসে উদ্ধার করল এসটিএফ। কাটোয়ার গাঙ্গুলিডাঙা প্রাইমারি স্কুল লাগোয়া পুকুরপাড়ের ঘটনা। উদ্ধার সেভেন এমএম, ওয়ান শাটার-সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি। ধৃত ৩ অস্ত্র কারবারি দুষ্কৃতী আরমান শেখ, কবির শেখ ও মহিবুল্লা শেখ। তিনজনই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তাদেরকে কলকাতায় নিয়ে গিয়েছে এসটিএফের গোয়েন্দা। সেখানে আদালতে পেশ করে আরও মজুত অস্ত্রের হদিশ পাওয়ার চেষ্টা করা হবে।
পুলিশ ও এলাকা সূত্রের খবর, এসটিএফের গোয়েন্দারা দুটি ভাগে ভাগ হয়ে বর্ধমান—কাটোয়া রাজ্য সড়ক লাগোয়া গাঙ্গুলিডাঙা গ্রামে আসে। বাসস্ট্যান্ড থেকে শুরু করে গ্রামজুড়ে শুরু করে নজরদারি। প্রথমে বাসস্ট্যান্ড থেকে মহিবুল আর তার ছায়াসঙ্গী কবিরকে পাকড়াও করে। তাদের সঙ্গে থাকা একটি লাল রংয়ের মোটরবাইক বাজেয়াপ্ত করে। এরপর মহিবুলকে নিয়ে এলাকাজুড়ে রাতভর তল্লাশির পর স্থানীয় যাজিগ্রাম এলাকা থেকে জালে তোলে আরমানকে। তিনজনকে জেরা করে সকালে পৌঁছয় গ্রামের প্রাইমারি স্কুল-ঘেঁষা পুকুরের ধারে। সেখানে একটি নির্দিষ্ট জায়গার মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। উদ্ধার হয় বিপুল অস্ত্রভাণ্ডার।
অস্ত্রের কারবারের সঙ্গে সঙ্গে আরমান ও মহিবুল্লার বিরুদ্ধে বেআইনি বালি ও মাটির কারবার, তোলাবাজি, জমি জবরদখল-সহ বহু অভিযোগ রয়েছে। কয়েকবছর আগেও তারা অতি সাধারণ জীবনযাপন করত। বাইসাইকেলে ঘুরত। এখন দামি গাড়ি, দামি পোশাক পরে ঘুরতে দেখা যায় তাদের। গ্রামের বাসিন্দারা বলছিলেন, তৃণমূলের সঙ্গে থাকে বলে কেউ ওদেরকে ঘাঁটাত না। পালাবদলের পর অনেকেই ওই ত্রিরত্নর অন্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছে। সেই খবরই পৌঁছে যায় কলকাতার এসটিএফের অফিসে।
❤ Support Us





