Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৫, ২০২৬

দুপুরে কালো মেঘে ঢাকল কলকাতা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে লাল সতর্কতা; জলমগ্ন শহরের একাধিক এলাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
দুপুরে কালো মেঘে ঢাকল কলকাতা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে লাল সতর্কতা; জলমগ্ন শহরের একাধিক এলাকা

দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ । শুরু হয় ঘনঘন বজ্রপাত, তার কিছুক্ষণের মধ্যেই নামে প্রবল বৃষ্টি । পরিস্থিতির অবনতি হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির বিস্তীর্ণ অংশকে লাল সতর্কতার আওতায় আনা হয়েছে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে ।
টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, দমদম, বাগুইআটি এবং সল্টলেকের একাধিক অংশে । ইএম বাইপাস ও মা উড়ালপুলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের গতি অত্যন্ত মন্থর হয়ে পড়েছে ।
এদিকে প্রবল বৃষ্টির কারণে তারাতলায় চলা উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে । দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উদ্ধারকারী দলকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে কাজ চালাতে হচ্ছে ।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে । মাঝখানে দু’-একদিন বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও সপ্তাহান্ত পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে । সেখানে আগামী কয়েক দিনের জন্য পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ।
উল্লেখ্য, গত মঙ্গলবারও ভয়াবহ দুর্যোগের সাক্ষী ছিল কলকাতা ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা । দুপুরের পর থেকেই শুরু হয়েছিল প্রবল বজ্রপাত ও ভারী বৃষ্টি। জলমগ্ন হয়ে পড়েছিল শহরের বহু রাস্তা, বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছিল গাছ । সেই দুর্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট ১০ জনের মৃত্যু হয় । কোচবিহারে দু’জন, মুর্শিদাবাদের ধুলিয়ানে চার জন, মালদহে দু’জন এবং পুরুলিয়ায় দু’জন প্রাণ হারিয়েছিলেন । পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছিল প্রশাসন ও পুরসভা ।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!