- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৯, ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হেরে মহিলা টি২০ বিশ্বকাপে অভিযান শেষ ভারতের
গতবছর একদিনের বিশ্বকাপ জেতার পর ভারতীয় মহিলা দলের স্বপ্ন ছিল টি২০ ক্রিকেটেও বিশ্বসেরার তকমা ছিনিয়ে নেওয়া। হরমনপ্রীত কাউরদের সেই স্বপ্ন পূরণ হল না। গ্রুপ লিগের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ভারত। কোনও ম্যাচ না হেরে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। অন্যদিকে, গ্রুপের দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
লর্ডসে অনুষ্ঠিত ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ শুধু ভারতীয় সমর্থকদের কাছেই নয়, দক্ষিণ আফ্রিকার সমর্থকদের কাছে প্রবল আগ্রহের ছিল। কারণ এই ম্যাচের ওপর নির্ভর করছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার ভাগ্য। ভারত জিতলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যেত। অন্যদিকে, অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকার সামনে সেমিফাইনালের দরজা খুলে যেত। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠতে পারলেন না হরমনপ্রীত কাউররা। এদিন ভারতীয় দলকে সমর্থন করতে লর্ডসের গ্যালারিতে হাজির ছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রবি শাস্ত্রীরা। তাতেও জেগে উঠতে পারল না ভারত।
মরণবাঁচন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার (৩৪) ওপেনিং জুটিতে ৯ ওভারে ওঠে ৬৬। শেফালি দারুণ শুরু করলেও পাওয়ার প্লে–র পর ভারতের রান তোলার গতি কমে যায়। দ্বাদশ ওভারে রান আউট হন স্মৃতি মান্ধানা। যদিও এদিন তিনি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি। ৩৭ বলে মাত্র ৩৮ রান করতে সক্ষম হন। এরপর অধিনায়ক হরমনপ্রীত কাউর ও জেমিমা রডরিগেজ (৩৪) ইনিংসকে এগিয়ে নিয়ে যান। হরমনপ্রীত দ্রুত রান তুললেও জেমিমার ব্যাটিং ছিল মন্থর। শেষ ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ২৫ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন হরমনপ্রীত হরমনপ্রীত (৫৬)। তাঁর ঝোড়ো ব্যাটিং ভারতকে ১৭০/৪ রানে পৌঁছে দেয়।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলেই জর্জিয়া ভলকে (৪) তুলে নেন রেণুকা সিং। এরপর বেত মুনি (২০ বলে ২২), ফোবে লিচফিল্ডরা (২৫ বলে ২৪) দলকে এগিয়ে নিয়ে যান। দশম ওভারে বেথ মুনি যখন আউট হন অস্ট্রেলিয়ার স্কোর ছিল মাত্র ৬৮। এইসময় মনে হচ্ছিল ভারত হয়তো সহজেই জিতে সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এলিস পেরি এবং অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। তাদের ১০০ রানের জুটি ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়। পেরির ৩৮ বলে অপরাজিত ৫৬ এবং গার্ডনারের ২৯ বলে ৫৩ রানের ইনিংস ১৯ ওভারেই অস্ট্রেলিয়ার (১৭২/৪) জয় নিশ্চিত করে।
❤ Support Us








