- দে । শ
- জুলাই ১, ২০২৬
অবহেলিত সম্প্রদায়ের গুরুত্ব বাড়ছে রাজ্যে, দাবি মন্ত্রী মৌমিতার
আগে পশ্চিমবঙ্গে অবহেলিত ছিলেন আদিবাসীরা। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বাজেটেই আদিবাসীদের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। দাবি রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর।
কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে আয়োজিত পূর্ব বর্ধমান জেলা হুল দিবসের সূচনা করেন মন্ত্রী। তেহাট্টায় আবরণ উন্মোচন করেন বীর শহিদ সিধো-কানুর মূর্তির। ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলা পুলিশ সুপার পুষ্পা, মহকুমাশাসক অহিনসা জৈন, বিধায়ক সিদ্ধার্থ মজুমদার (কালনা), গোপাল চ্যাটার্জি (পূর্বস্থলী), জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। বিজেপি সরকারের আদিবাসীদের গুরুত্ব দানের উদাহরণ হিসেবে মন্ত্রী মৌমিতা মনে করিয়ে দেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারই আদিবাসী সম্প্রদায়ের মুখ দ্রৌপদী মুর্মুকে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে বসিয়েছে।’ ‘রাজ্যের ক্ষমতায় এসে বিজেপি প্রথম বাজেটেই আদিবাসীদের শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়নে গুচ্ছ পদক্ষেপ ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে’ বলে জানালেন মন্ত্রী। সেইসঙ্গে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠায় অবদানের জন্য আদিবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। উল্লেখ্য যে, ১৮৫৫ সালের ৩০ জুন পরাধীন ভারতে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগঠিত সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুই মহান আদিবাসী নেতা সিধো ও কানু-সহ তাঁদের বোনেরা। ‘তাঁদের আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতি বছর পালিত হয় হুল দিবস, যা আদিবাসী সমাজের অধিকার ও আত্মমর্যাদার লড়াইয়ের ঐতিহাসিক প্রতীক’ বলে মনে করেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার।
হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলার ৪৬ জন কৃতী আদিবাসী ছাত্র-ছাত্রীকে আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী পড়ুয়াদের নিয়ে অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতাও আয়োজিত হয়। আদিবাসী সমাজে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জেলার ৯১ জন মোড়লকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজিত হয় ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগিতা। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধার সুলুকসন্ধান দিতে বিদ্যাপীঠের মাঠে বিশেষ শিবির আয়োজিত হয়। সেখানে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়ে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর স্টলগুলিতেও ছিল ঠাসা ভিড়।
❤ Support Us





