Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয়, বঙ্গের ৬ জেলায় অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয়, বঙ্গের ৬ জেলায় অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা

বঙ্গোপসাগরের উপর বৃহস্পতিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে । এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সপ্তাহান্ত থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে ছয় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও আগামী সপ্তাহের শুরুতে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে । এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি, ঋতুকালীন অক্ষরেখাটি রাজস্থান থেকে ওড়িশা উপকূলের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।
এর প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি । এই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে অতিভারী বৃষ্টির কারণে জল জমা, যান চলাচলে সমস্যা এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে ।

এদিকে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে । এই সময়ে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর ।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আগামী মঙ্গলবার থেকে ফের ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।

অবিরাম ঝড়-বৃষ্টির কারণে রাজ্যের তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই । শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!