- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৬, ২০২৬
সপ্তম পে কমিশন নিয়ে অনিশ্চয়তা কাটাতে বিজ্ঞপ্তির দাবি, মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষক সংগঠনের চিঠি
রাজ্য বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে সরকারি আদেশ (জিও) বা নোটিফিকেশন জারির দাবি জানিয়ে নবান্নের দ্বারস্থ হয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি।
সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে স্বপন মণ্ডল মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, চলতি বছরের রাজ্য বাজেট পেশের সময় সরকার ঘোষণা করেছিল যে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হবে এবং তার সুপারিশ ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে। বাজেটে এই ঘোষণা বিশেষ গুরুত্ব পেলেও আজ পর্যন্ত কমিশন গঠন সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
শিক্ষক সংগঠনের দাবি, সরকারি বিজ্ঞপ্তির অভাবে কর্মচারীদের মধ্যে একাধিক প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদৌ সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছে কি না, সে সম্পর্কেও কোনও স্পষ্ট তথ্য নেই। পাশাপাশি, কমিশনের চেয়ারম্যান কে, অন্যান্য সদস্য কারা এবং কমিশনের কার্যপ্রণালি কী হবে, সেই বিষয়েও সরকার এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি। ফলে সরকারি কর্মচারীরা নিজেদের দাবিদাওয়া কমিশনের সামনে কীভাবে এবং কবে উপস্থাপন করবেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
চিঠিতে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে, কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া এই বিভ্রান্তি দূর করতে অর্থ দফতরকে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক এবং সপ্তম পে কমিশন গঠন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হোক। সংগঠনের মতে, বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষা কর্মীরা সময়মতো তাঁদের দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি কমিশনের কাছে জমা দেওয়ার সুযোগ পাবেন।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি আশা প্রকাশ করেছে, রাজ্য সরকার তাদের এই ন্যায্য ও জরুরি আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাবে।
উল্লেখ্য, বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধ এবং সপ্তম পে কমিশন চালুর দাবি দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি। শুভেন্দু সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই দুই বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট বক্তৃতায় বকেয়া ডিএ সংক্রান্ত পদক্ষেপ এবং সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দেন। তবে বাজেট ঘোষণার পরও কমিশন গঠন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় কর্মচারী মহলে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
❤ Support Us








