Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল নিয়ে অভিনব উদ্যোগ সাউথ পয়েন্টের, পিছোল পরীক্ষার সূচি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ ফাইনাল নিয়ে অভিনব উদ্যোগ সাউথ পয়েন্টের, পিছোল পরীক্ষার সূচি

ডিজিটাল যুগে অনলাইন গেমের প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে জেন জি ও আলফা প্রজন্মের মধ্যে । মাঠে নেমে খেলাধুলার বদলে অনেকেই অবসর কাটাচ্ছে ভার্চুয়াল দুনিয়ায় । এই প্রবণতার মধ্যেই পড়ুয়াদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুল ।

বিশ্বজুড়ে এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে । আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল । সেই ম্যাচ যাতে পড়ুয়ারা নিশ্চিন্তে রাত জেগে উপভোগ করতে পারে, সেই কথা মাথায় রেখে ২০ ও ২১ জুলাই নির্ধারিত সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।

আগেই ঠিক ছিল, ওই দু’দিন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সামেটিভ ও প্রি-মিডটার্ম-সহ একাধিক পরীক্ষা নেওয়া হবে । তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাইয়ের পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে ২৯ জুলাই এবং ২১ জুলাইয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে ৩০ জুলাই । ইতিমধ্যেই এই বিষয়ে স্কুলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ জানান, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য শুধু একটি ফুটবল ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া নয়, বরং পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা । তাঁর মতে, ফুটবল এমন একটি খেলা যা দলগত সমন্বয়, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা এবং একসঙ্গে লড়াই করার মানসিকতা গড়ে তোলে । এই মূল্যবোধই ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চায় স্কুল ।

অধ্যক্ষের কথায়, বিশ্বকাপ ফাইনালের মতো একটি ঐতিহাসিক ম্যাচ দেখার সুযোগ থেকে পড়ুয়াদের বঞ্চিত করা উচিত নয় । কিন্তু পরদিন পরীক্ষা থাকলে অনেক অভিভাবকই স্বাভাবিকভাবেই সন্তানদের রাত জেগে খেলা দেখতে দিতে চান না । তাই পড়ুয়াদের স্বার্থে এবং খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতেই পরীক্ষার দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

তিনি আরও বলেন, সব পড়ুয়া হয়তো ফুটবল দেখে না । তবে এই উদ্যোগের মাধ্যমে যদি অন্তত ২ থেকে ৫ শতাংশ ছাত্রছাত্রীও নতুন করে ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠে, তাহলেই স্কুলের এই প্রচেষ্টা সফল বলে মনে করা হবে ।

সাউথ পয়েন্টের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন অভিভাবকদের একাংশ । তাঁদের মতে, শুধু পরীক্ষার ফল নয়, খেলাধুলা, দলগত মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলির শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ, আর সেই শিক্ষা ফুটবল মাঠ থেকেই পাওয়া সম্ভব ।

শিক্ষক মহলের একাংশও এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন । তাঁদের মতে, ফুটবলের প্রতি বাঙালির আবেগ বরাবরই গভীর। কলকাতা ময়দানের ডার্বি থেকে বিশ্বকাপ — বড় ম্যাচ মানেই এখনও টেলিভিশনের সামনে ভিড় । সেই আবহেই পড়ুয়াদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সাউথ পয়েন্ট হাই স্কুলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!