Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৬

বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের মিছিলে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের মিছিলে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে বুধবার কালীঘাট তৃণমূলের ডাকা প্রতিবাদ মিছিলকে ঘিরে হাজরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । কলকাতা হাই কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি মেনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হলেও কিছু দূর এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । মিছিল ঘিরে উত্তেজনা আরও বাড়ে ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “পরিকল্পিত ভাবে বিজেপি তৃণমূলের কর্মীদের ওপর আক্রমণ করেছে । আমার বাড়ির কাছে সকালেই দলের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে । আমি বাড়ি থেকে বার হয়ে থাকতে চেষ্টা করেছি । আমাদের মাইক নিয়ে মিছিল করার অনুমতি দেয়নি আদালত । অথচ বিজেপির বাইরে থেকে দুষ্কৃতীদের এনে রামের নামে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে । রাম মন্দিরের সম্পত্তি চুরি করে আবার রামের নাম করে আমাদের ওপর হামলা করছে । রামের নামে বদনাম করছে । রাজ্যে নতুন সরকার আসার পর থেকে ৪০টি ধর্ষণের ঘটনা ঘটেছে । এই শান্তি কি চেয়েছিল বাংলার মানুষ ? আমরা আমাদের মিছিলে আক্রমণের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানাবো ।”

কালীঘাট তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের হাত রয়েছে । তাদের দাবি, পরিকল্পিতভাবে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং উস্কানিমূলক স্লোগান ও গান বাজিয়ে অশান্তির পরিবেশ তৈরি করা হয় । যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে উঠলে বিজেপি ও কালীঘাট তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী । পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় ।

উল্লেখ্য, বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে এই মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল । আদালত নির্দিষ্ট শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয় । সেই নির্দেশ মেনেই বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিলের সূচনা হয় ।

এদিনই বারুইপুর-কাণ্ডের তদন্তে বড় অগ্রগতি হয় । পুলিশের গুলিতে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলের পুনর্নির্মাণের জন্য প্রভাসকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল । অভিযোগ, সেই সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

অন্যদিকে, এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ । তদন্তের স্বার্থে ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনার প্রথম দিন থেকেই প্রশাসন ও পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে । এর মধ্যেই প্রতিবাদ মিছিলের আয়োজনকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!