Advertisement
  • দে । শ
  • জুলাই ৮, ২০২৬

২০ দিনে তৈরি মিরিকের দুধিয়া বেইলি ব্রিজ, নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
২০ দিনে তৈরি মিরিকের দুধিয়া বেইলি ব্রিজ, নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

প্রবল দুর্যোগ ও অতিবৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ভেসে গিয়েছিল মিরিকের দুধিয়া এলাকার বেইলি ব্রিজের একাংশ। পাশাপাশি জলের তীব্র স্রোতে হিউম পাইপের উপর নির্মিত অস্থায়ী সেতুরও একটি অংশ ভেঙে যায়। ফলে দুধিয়া হয়ে ১২ নম্বর রাজ্য সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং সড়কপথে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ব্যাপক সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে দ্রুত একটি বেইলি ব্রিজ নির্মাণের আবেদন জানানো হয়। নদীর স্রোত কিছুটা কমতেই সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় সেতু নির্মাণের কাজ শুরু করে। নিরলস প্রচেষ্টায় মাত্র ২০ দিনের মধ্যেই নতুন বেইলি ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়।
আজ নবান্ন থেকে ভার্চুয়ালি এই নবনির্মিত দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের জন্য সেনাবাহিনীর জওয়ানদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই সেতু চালু হওয়ায় সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন এবং দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অবসান ঘটবে।
অন্যদিকে, সাংসদ রাজু বিস্তা দ্রুত সেতু নির্মাণ এবং স্বল্প সময়ের মধ্যে উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জুন মাসে টানা অতিভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে দার্জিলিং-সহ পার্বত্য এলাকার একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়া এলাকার অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় মিরিকের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেনাবাহিনীর দ্রুত উদ্যোগে মাত্র ২০ দিনের মধ্যে নতুন বেইলি ব্রিজ নির্মাণ হওয়ায় ফের স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা। নতুন সেতু চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পাহাড়ের বাসিন্দারা এবং পর্যটন শিল্পও এর ফলে নতুন করে গতি পাবে বলে আশা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!