Advertisement
  • দে । শ
  • জুলাই ১০, ২০২৬

বারুইপুরের সূর্যপুরে তৈরি নতুন পুলিশ ফাঁড়ি

আরম্ভ ওয়েব ডেস্ক
বারুইপুরের সূর্যপুরে তৈরি নতুন পুলিশ ফাঁড়ি

বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার মাত্র চার দিনের মধ্যেই ফাঁড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রী নিজেই সেখানে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন। একই সঙ্গে তিনি ফের নির্যাতিত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।
গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর তিনি জানান, পরিবারের পক্ষ থেকে সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানানো হয়েছে। এরপরই এক সপ্তাহের মধ্যে ফাঁড়ি গড়ে তোলার ঘোষণা করেন তিনি। প্রয়োজনে ভাড়া বাড়িতে হলেও পুলিশ ফাঁড়ি চালু করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণার পরপরই পুলিশ ও প্রশাসন উপযুক্ত জায়গা চিহ্নিত করার কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই ফাঁড়ি তৈরির কাজ সম্পন্ন হয়।
পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী বারুইপুরে পৌঁছতে পারেন। প্রথমে তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর তাঁর যাওয়ার কথা ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। অভিযোগ, গণপিটুনিতে নিহত হয়েছিলেন ইন্দ্রজিৎ। তাঁর পরিবারের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সবশেষে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। গোটা সফরের জন্য প্রায় ৪৫ মিনিটের কর্মসূচি নির্ধারিত হয়েছে।
এদিকে, শুক্রবার থেকেই তদন্তে সক্রিয় হচ্ছে সিআইডি। বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, সূর্যপুরে এতদিন একটি পুলিশ ক্যাম্প থাকলেও সেখানে কোনও এফআইআর বা অভিযোগ দায়ের করা যেত না। অভিযোগ জানাতে স্থানীয় বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হতো। ওই পুলিশ ক্যাম্প মূলত আইনশৃঙ্খলা রক্ষার কাজেই ব্যবহৃত হতো। নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে স্থানীয় বাসিন্দারা সেখানেই সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন, ফলে এলাকায় পুলিশি পরিষেবা আরও সহজলভ্য হবে বলে প্রশাসনের আশা।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!