Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৩, ২০২৬

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংওয়ার । নিহত দুষ্কৃতী রাজা দত্ত, জখম ২

আরম্ভ ওয়েব ডেস্ক
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংওয়ার । নিহত দুষ্কৃতী রাজা দত্ত, জখম ২

উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটা এলাকায় সোমবার ভোররাতে দুষ্কৃতীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। অভিযোগ, প্রতিপক্ষের দুষ্কৃতীরা প্রথমে রাজার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে সেই বন্দুক দিয়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনায় রাজা দত্তের মৃত্যু হয়েছে, পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর দুই শাগরেদ । তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে রাজা দত্ত তাঁর কয়েকজন শাগরেদকে নিয়ে খলিসাকোটা এলাকায় পৌঁছন। সেই সময় সেখানে উপস্থিত হয় প্রতিপক্ষের আরেকটি দুষ্কৃতী দলের সদস্যরা। দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, এই সময় প্রতিপক্ষের সদস্যরা রাজার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাঁর দিকেই গুলি চালাতে শুরু করে।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে রাজা দত্ত-সহ কয়েকজন গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তাঁরা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই অভিযুক্ত দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই আহতের চিকিৎসা চলছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এর আগেও একাধিকবার শুটআউট ও দুষ্কৃতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের দিনের আলো ফোটার আগেই এমন রক্তক্ষয়ী গ্যাংওয়ারের ঘটনায় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!