- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৪, ২০২৬
দেশজুড়ে রেলের ১,০৬৮ হেক্টরের বেশি জমি বেদখল, ৫ বছরে উদ্ধার মাত্র ৯৮ হেক্টর
রেলের জমি দখলমুক্ত করতে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে অভিযান জোরদার হলেও সামগ্রিক চিত্র উদ্বেগজনক। তথ্যের অধিকার আইন (আরটিআই)-এর আওতায় প্রকাশিত রেল বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত দেশে ভারতীয় রেলের ১,০৬৮.৫৪ হেক্টর জমি এখনও বেআইনি দখলদারদের কব্জায় রয়েছে। অথচ গত ৫ বছরে দখলমুক্ত করা সম্ভব হয়েছে মাত্র ৯৮.০২ হেক্টর জমি।
সম্প্রতি, এক প্রথমসারির সংবাদমাধ্যমের পক্ষ থেকে ‘আরটিআই’ আইনের আওতায় রেল বোর্ডের কাছে গত ২৫ বছরে রেলের জমি দখল সংক্রান্ত তথ্য চাওয়া হয়। রেল বোর্ড তাদের জবাবে গত ৫ বছরের পরিসংখ্যানই প্রকাশ করেছে। সে তথ্য থেকেই স্পষ্ট, রেলের জমি দখলমুক্ত করা রেল প্রশাসনের কাছে এখনো বড়ো চ্যালেঞ্জ ।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলের ৮১০.৩১ হেক্টর জমি দখল হয়ে ছিল। ২০২১-২২ সালে তা সামান্য কমে ৭৮২.৮১ হেক্টর হয়। কিন্তু এরপর ফের দখলের পরিমাণ বাড়তে শুরু করে। ২০২২-২৩ সালে দখল হওয়া জমির পরিমাণ ৮০০ হেক্টর ছাড়িয়ে যায়। ২০২৩-২৪ সালে তা এক ধাক্কায় বেড়ে ১,০৭৮.৫৫ হেক্টরে পৌঁছে যায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে প্রায় ২৬৮ হেক্টর অতিরিক্ত জমি বেআইনি দখলে চলে যায়। ২০২৪-২৫ অর্থবছরে দখল হওয়া জমির পরিমাণ সামান্য কমে ১,০৬৮.৫৪ হেক্টর হলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।
এই ৫ বছরে রেলের দখল হওয়া জমির পরিমাণ প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগ বাড়াচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ এপ্রিল পর্যন্ত ভারতীয় রেলের মোট জমির পরিমাণ ছিল প্রায় ৪.৯৯ লক্ষ হেক্টর। এর মধ্যে ০.২১ শতাংশ, অর্থাৎ প্রায় ১,০৬৮ হেক্টর জমি, এখনও অন্যের বেআইনি দখলে রয়েছে। শতাংশের হিসেবে এই সংখ্যা কম মনে হলেও জমির প্রকৃত পরিমাণ বিশাল। তুলনা হিসেবে বলা যায়, গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, যা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং প্রায় ২৫.৫ হেক্টর জমির উপর বিস্তৃত, সে আকারের প্রায় ৪২টি স্টেডিয়াম এই জমির মধ্যে তৈরি করা সম্ভব।
অন্যদিকে, সংসদেও কেন্দ্র সরকার জানিয়েছে, গত ৫ বছরে সারা দেশে রেলের মাত্র ৯৮.০২ হেক্টর জমি বেআইনি দখলমুক্ত করা গেছে। অর্থাৎ, দখল হওয়া বিপুল পরিমাণ জমির তুলনায় উদ্ধার হওয়া জমির পরিমাণ অত্যন্ত সীমিত, যা রেলের জমি রক্ষায় প্রশাসনিক চ্যালেঞ্জেরই প্রতিফলন।
❤ Support Us








