Advertisement
  • দে । শ
  • জুলাই ১৪, ২০২৬

রাজস্থানে দু-মাসে ১৮ প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থানে দু-মাসে ১৮ প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আগের মতো এবারও সুস্থভাবে সন্তান জন্ম দিয়ে বাড়ি ফিরবেন, এমনটাই আশা করেছিলেন রাজস্থানের ভিলওয়াড়া জেলার বাসিন্দা ইশা ও তাঁর পরিবার। কিন্তু সে আশা কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে চুরমার। পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইশা। শেষ পর্যন্ত সরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। আর বাড়িতে ফিরে চার বছরের মেয়ে বারবার একটাই প্রশ্ন করছে— ‘মা কখন আসবে?’ সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ছেন বাবা ও পরিবারের সদস্যরা।

গত ৫ জুলাই প্রসববেদনা উঠলে ইশাকে ভিলওয়াড়া জেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী মণীশ। পরদিন অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন ইশা। পরিবারের দাবি, প্রথমদিকে মা ও নবজাতক— দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু ৭ জুলাই বিকেল থেকে হঠাৎই ইশার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। মণীশের অভিযোগ, স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির পরও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা মেলেনি। শেষ পর্যন্ত ৮ জুলাই হাসপাতালেই মৃত্যু হয় ইশার। তাঁর দাবি, চিকিৎসায় গাফিলতিই স্ত্রীর মৃত্যুর অন্যতম কারণ।

এ ঘটনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত চার বছরের কন্যা দিশা। বাড়িতে মাকে দেখতে না পেয়ে সে বারবার জিজ্ঞাসা করছে, ‘মা কখন আসবে?’ পরিবারের সদস্যরা ইশার কোনও ছবি ঘরে টাঙাননি, কারণ ছবি দেখলেই মেয়েটি মায়ের কথা জানতে চাইছে। চোখে জল নিয়ে মণীশ বলেন, ‘ওকে কী বলব, বুঝতে পারছি না।’ মাত্র সাত দিনের নবজাতক ছেলে এবং চার বছরের মেয়েকে নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারটির। আপাতত নবজাতককে নিজের বৌদির কাছে রেখে দেখাশোনার ব্যবস্থা করেছেন মণীশ। আর মেয়ে দিশা বাবার কাছেই রয়েছে।

তবে, ইশার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজস্থানে গত দু-মাসে সরকারি হাসপাতালগুলিতে সন্তান প্রসবের পর ১৮ জন প্রসূতির মৃত্যু হয়েছে। পাশাপাশি ৭ জন প্রসূতির কিডনি বিকল হওয়ার ঘটনাও সামনে এসেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ৫ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ভিলওয়াড়া ও বাঁসওয়াড়া জেলায় ৯ জন প্রসূতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে মাত্র ৬ দিনের ব্যবধানে। ভিলওয়াড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়।

ঘটনাগুলি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজস্থান সরকার। পরপর এত জন প্রসূতির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। চিকিৎসায় গাফিলতি, সংক্রমণ নাকি অন্য কোনো কারণ— তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। তবে এ মৃত্যুমিছিল রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে বড়ো প্রশ্ন তুলে দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!