Advertisement
  • দে । শ
  • জুলাই ১৪, ২০২৬

নবান্নে শিবরাজ-শুভেন্দু বৈঠক । প্রাকৃতিক দুর্যোগে জি রাম জি প্রকল্পে মিলবে অতিরিক্ত ৫০ দিনের কাজ, বাংলার উন্নয়নে একাধিক ঘোষণা

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্নে শিবরাজ-শুভেন্দু বৈঠক । প্রাকৃতিক দুর্যোগে জি রাম জি প্রকল্পে মিলবে অতিরিক্ত ৫০ দিনের কাজ, বাংলার উন্নয়নে একাধিক ঘোষণা

অরণ্য সপ্তাহের শুরুতেই নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী ও আধিকারিকের উপস্থিতিতে আবাস যোজনা, ভিবি জি রাম জি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতিতে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। এল নিনোর মতো পরিস্থিতি বা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে জি রাম জি প্রকল্পে নির্ধারিত ১২৫ দিনের কাজের সঙ্গে আরও অতিরিক্ত ৫০ দিন কাজের সুযোগ দেওয়া হতে পারে। এর ফলে দুর্যোগপ্রবণ এলাকায় শ্রমিকদের আর্থিক সহায়তা আরও বাড়বে।

শিবরাজ সিং চৌহান নবান্ন থেকে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন। তিনি বলেন, কেন্দ্র এর আগেও বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে, কিন্তু রাজ্যের নেতাদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

উল্লেখ্য, তৃণমূল সরকারের সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছিলেন যে কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। সেই প্রসঙ্গ তুলে শিবরাজ সিং চৌহান জানান, গত মার্চ পর্যন্ত বাংলায় হাইওয়ে, রেল, মেট্রো-সহ পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রের তরফে ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু হয়েছিল। তবে বিভিন্ন ক্ষেত্রে বাধা ও দুর্নীতির কারণে উন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়।” তাঁর বক্তব্য, রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করলে বাংলার মানুষের উন্নয়ন আরও দ্রুত হবে।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং বৈঠক ইতিবাচক হয়েছে। তিনি বলেন, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চালু করা হবে।

তিনি আরও জানান, রাজ্যে ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ড দেওয়া হবে। এর ফলে প্রায় আড়াই কোটি মানুষ ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি আবাস যোজনার আওতায় ১ লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে এবং বাড়ি তৈরির জন্য ভেরিফিকেশনের সময়সীমা বাড়িয়ে ১৫ অগস্ট পর্যন্ত করা হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য কেন্দ্রের তরফে ১ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী। নবান্নের এই বৈঠককে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!