Advertisement
  • দে । শ
  • জুলাই ১৫, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, ক্যাগ অডিটের ঘোষণা উচ্চশিক্ষামন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, ক্যাগ অডিটের ঘোষণা উচ্চশিক্ষামন্ত্রীর

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন, কোনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বা আর্থিক অনিয়ম প্রমাণিত হলে তার দায় এড়াতে পারবেন না সংশ্লিষ্ট উপাচার্য। প্রয়োজনে তাঁদেরও জেলে যেতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে বিকাশ ভবনে। অভিযোগগুলির বড় অংশই আর্থিক দুর্নীতি, তহবিলের অপব্যবহার এবং প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলির হিসাব-নিকাশ খতিয়ে দেখতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর মাধ্যমে অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর।

এ প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রতিষ্ঠান পরিচালনায় কোনও গোলমাল ধরা পড়লে, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার দায় উপাচার্যকেই নিতে হবে।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুকে চেয়ারম্যান করে শিক্ষা-সহ বিভিন্ন দপ্তরের প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করেছেন।

মন্ত্রী বলেন, “ভবিষ্যতে যদি কোনও এক-দু’জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রেসিডেন্সি, দমদম বা আলিপুর জেলে দেখতে পান, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।” তাঁর এই মন্তব্যের পর উচ্চশিক্ষা মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন। সেই ঘটনার উল্লেখ করেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল সরকার।
শিক্ষাক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে জগন্নাথ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন এবং রাজনীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। তাঁর অভিযোগ, গত ১৫ বছরের তৃণমূল সরকার এবং তার আগের ৩৪ বছরের বাম আমলেও শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব ক্রমশ বেড়েছে।

মন্ত্রী বলেন, “গত ১৫ বছরে ফার্মাসি, আইটিআই, বিএড এবং পলিটেকনিক কলেজ তৈরির নামে কার্যত ডিগ্রির দোকান খুলে দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি।”

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে জগন্নাথের বক্তব্য, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীর উপস্থিতিই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকলে তবেই তো ছাত্রভোট হবে। আমাদের প্রথম লক্ষ্য পড়ুয়াদের ফেরানো। যখন পর্যাপ্ত সংখ্যক ছাত্রছাত্রী ফিরবে, তখনই ছাত্র সংসদ নির্বাচন হবে।”

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, ‘বন্দেমাতরম’ গানের সার্ধশতবর্ষ এবং এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত সংগঠনের মিছিলেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালোভাবে ওঠে। এবিভিপির কেন্দ্রীয় সম্পাদক বীরেন্দ্র সোলাঙ্কি বলেন, “পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে তুলতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন।”

উচ্চশিক্ষায় শিক্ষক ও গবেষক নিয়োগ নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পদ্ধতিতে। মুখ দেখে নয়, নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতেই শিক্ষক ও গবেষক নিয়োগ করা হবে। সরকার একটি সুস্পষ্ট পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করছে এবং উচ্চশিক্ষায় নিয়োগের ক্ষেত্রে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা থাকবে না।”

রাজ্য সরকারের এই ঘোষণা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ক্যাগ অডিট এবং বিচার বিভাগীয় কমিশনের তদন্তের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!