Advertisement
  • দে । শ
  • জুলাই ১৮, ২০২৬

ঘরে ফিরলেন জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরে ফিরলেন জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী

অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় তাঁকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেনকে খবর দেন। এরপর তিনি সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। তবে এই প্রায় দু’দিন দময়ন্তী কোথায় ছিলেন, কীভাবে সময় কাটিয়েছেন বা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন—সেসব বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা নীরবতা বজায় রেখেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ প্রতিদিনের মতোই মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন বছর পনেরোর দময়ন্তী। সে সময় তাঁর কাছে মোবাইল ফোন বা টাকা-পয়সা কিছুই ছিল না। নাইটড্রেস পরেই তিনি বাড়ির কাছের দোকানে গিয়েছিলেন। সকাল ১০টা নাগাদ বাবার সঙ্গে নিয়মিত অনুশীলনে যাওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। অনেকক্ষণ অপেক্ষার পর বাবা ধ্রুবজ্যোতি সেন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না মেলায় তিনি হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি বা ঝামেলা ছিল না। তাই হঠাৎ কী কারণে দময়ন্তী বাড়ি ছেড়ে চলে গেলেন, তা নিয়ে তাঁরাও বিস্মিত ছিলেন।তদন্তে জানা যায়, বৃহস্পতিবার সকালে দময়ন্তীকে প্রথমে হাওড়া স্টেশন এবং পরে শ্রীরামপুর স্টেশনে দেখা গিয়েছিল।

শুক্রবার সকালে আবার তাঁকে শ্রীরামপুরের মাহেশ রথের মেলায় দেখতে পাওয়ার খবর সামনে আসে। এই তথ্য দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন অভিযোগ করেন, রেল স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ সময়মতো হাওড়া সিটি পুলিশের হাতে না পৌঁছনোর কারণে মেয়েকে খুঁজে পেতে বিলম্ব হয়েছে। যদিও রেল পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। শুক্রবার বিকেলে ভবানীভবনে গিয়ে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন দময়ন্তীর বাবা। একইসঙ্গে দময়ন্তীর সন্ধানে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন জেলায়ও এই দলগুলিকে পাঠানো হয়। পরিবারের কাছ থেকে সম্ভাব্য গন্তব্যের তথ্য সংগ্রহ করে সেই সব এলাকায় তল্লাশি চালাতে শুরু করেন গোয়েন্দারা।শেষ পর্যন্ত শনিবার ভোরে রামকৃষ্ণপুর লঞ্চঘাটের কাছে দময়ন্তীকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাঁর বাবা সেখানে পৌঁছে মেয়েকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনেন। তবে তাঁর এই প্রায় ৪৮ ঘণ্টার নিখোঁজ থাকার রহস্য এখনও অধরাই রয়ে গেছে। পরিবারও এ বিষয়ে মুখ খুলতে রাজি নয়।


  • Tags:
❤ Support Us
Advertisement
চিরবিস্ময় বিশ্ববিধাত্রীর পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
গণতন্ত্রের অশুভ সংকেত পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!