- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২২, ২০২৬
‘ককরোচ’ বিক্ষোভে লাঠিচার্জ, জরুরি হস্তক্ষেপের আর্জি খারিজ শীর্ষ আদালতের
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়ে জরুরি শুনানির আবেদন জানানো হলেও তা খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এ ধরনের আবেদন করে আদালতের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।
আবেদনকারী আইনজীবীর দাবি ছিল, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবকদের উপর দিল্লি পুলিশ অযৌক্তিকভাবে লাঠিচার্জ করেছে, যা তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি আদালতের পূর্ববর্তী নির্দেশেরও পরিপন্থী। তিনি সুপ্রিম কোর্টের কাছে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া, দায়ী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনের আবেদন জানান।
শুনানির সময় আবেদনকারী পুলিশের লাঠিচার্জের কয়েকটি ভিডিওর উল্লেখ করলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা কোনও ভিডিও দেখতে আগ্রহী নই। সেগুলি দেখার মতো সময় আমাদের নেই। দয়া করে আমাদের এবং নিজের সময় নষ্ট করবেন না।” এরপরই আদালত জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়।
আবেদনে আরও দাবি করা হয়, পুলিশের এই পদক্ষেপের ফলে শান্তিপূর্ণ সমাবেশ ও ভিন্নমত প্রকাশের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়, এই মামলার উদ্দেশ্য সোনম ওয়াংচুক বা কোনও নির্দিষ্ট আন্দোলনকারীর ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রাখাই এই আবেদনের মূল লক্ষ্য।
এর আগে মঙ্গলবার একই বিষয়ে দিল্লি হাই কোর্টেও জরুরি শুনানির আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনও খারিজ করে দেয় উচ্চ আদালত। হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনায় আদালতকে জড়ানো উচিত নয়।
উল্লেখ্য, দিল্লি পুলিশের অনুমতি না থাকলেও পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকালে সংসদ অভিযানে নামে ‘ককরোচ জনতা পার্টি’। ১৬৩ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে এগোতে শুরু করলে রাজধানীর একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং জমায়েত ছত্রভঙ্গ করে।
❤ Support Us





