- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৩, ২০২৬
হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ, ৩০ জুলাই পরবর্তী শুনানি
হাই কোর্টে ফের আইনি ধাক্কার মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় সার্বিক অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে করা আবেদন মঞ্জুর করল না আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে।
শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, বর্তমানে শুধুমাত্র ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলায় তাঁর মক্কেলের অন্তর্বর্তী রক্ষাকবচ রয়েছে। তবে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া বাকি মামলাগুলিতেও যাতে একই ধরনের সুরক্ষা দেওয়া হয়, সেই আবেদনই আদালতের কাছে করা হয়েছে।
এ সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, একটি নির্দিষ্ট মামলায় যখন রক্ষাকবচ রয়েছে, তখন সব মামলায় একযোগে একই ধরনের সুরক্ষা দেওয়ার প্রয়োজন কী ? আদালতের পর্যবেক্ষণ, প্রতিটি মামলার অভিযোগ ও প্রেক্ষাপট আলাদা। শিলিগুড়ির অভিযোগের প্রকৃতি যেমন এক রকম, তেমনই ভবানীপুরের অভিযোগ ভিন্ন। তাই সব মামলায় একসঙ্গে সার্বিক রক্ষাকবচ দেওয়া হলে তদন্তের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মোট আটটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তিনি ইতিমধ্যেই আদালতের অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন। বাকি মামলাগুলিতেও একই ধরনের সুরক্ষার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
শুনানির সময় কপিল সিব্বল বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের প্রসঙ্গ তুলে ধরেন। তবে বিচারপতি স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রীর বা অন্য কোনও ব্যক্তির প্রসঙ্গ টানা প্রাসঙ্গিক নয়। আদালত উল্লেখ করে, সংশ্লিষ্ট ক্ষেত্রেও কোনও সার্বিক রক্ষাকবচ দেওয়া হয়নি; বরং নির্দিষ্ট কয়েকটি মামলায় পৃথকভাবে অন্তর্বর্তী রক্ষাকবচ বা আগাম জামিনের সুবিধা মিলেছিল।
অন্যদিকে, রাজ্যের পক্ষে আইনজীবী এস. ভি. রাজু আদালতের কাছে বক্তব্য পেশ করার জন্য আরও সময় চান। যেহেতু এদিন সব পক্ষের বক্তব্য শোনা সম্ভব হয়নি, তাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ জুলাই।
তবে আদালত এ-ও স্পষ্ট করে দিয়েছে, আগামী শুনানির আগে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তিনি জরুরি ভিত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় আবেদন জানাতে পারবেন।
❤ Support Us







