- দে । শ
- জুলাই ২৮, ২০২৬
মোদির ভাইরাল হওয়া ‘ফ্রেন্ডস’ ভিডিও উধাও! শীর্ষ কর্তাদের তলব কেন্দ্রের. ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে ক্ষমা চাইল মেটা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভাইরাল ভিডিও ইনস্টাগ্রাম থেকে হঠাৎ সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে দেখা যায়, মোদির অফিসিয়াল অ্যাকাউন্টে থাকা ভিডিওটি আর দেখা যাচ্ছে না। ঘটনার পরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও পরে মেটা জানায়, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি প্রযুক্তিগত ত্রুটির ফল। সংস্থা ক্ষমা চেয়ে ভিডিওটি পুনরায় চালু করেছে। তবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, মেটার শীর্ষ কর্তাদের তলব করেছে কেন্দ্র।
প্রসঙ্গত, ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। পাশাপাশি ভিডিওটিতে দেড় কোটিরও বেশি লাইক এবং প্রায় ১৩ লক্ষের বেশি মন্তব্য জমা পড়ে।
ভিডিওটির জনপ্রিয়তার প্রভাব পড়ে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। জানা যায়, ভিডিও আপলোডের আগে তাঁর অনুসরণকারীর (ফলোয়ার) সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়। বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে—এমন একমাত্র রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদি। বিপুল জনপ্রিয়তা পাওয়া ভিডিওটি আচমকাই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যাওয়ায় শুরু হয় জোর বিতর্ক। কেন ভিডিওটি সরানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠতেই মেটার পক্ষ থেকে জানানো হয়, এটি কোনও নীতিগত সিদ্ধান্ত নয়, বরং একটি প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছিল। সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘ভুলবশত কনটেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল। ইতিমধ্যেই সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।’ একই সঙ্গে এই ভুলের জন্য ক্ষমাও চেয়েছে মেটা।
তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার অসন্তোষ প্রকাশ করেছে বলে সূত্রের খবর। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে মেটা এবং ইনস্টাগ্রামের আন্তর্জাতিক কর্তাদের সমন পাঠানো হয়েছে। কীভাবে প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্টের ভিডিও সরিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের নেতাদের প্রশ্ন, একটি বিদেশি প্রযুক্তি সংস্থা কীভাবে ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ভিডিও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে? ভারতীয় নাগরিকরা সামাজিক মাধ্যমে কী দেখবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো বিদেশি সংস্থার হাতে থাকা উচিত নয় বলেও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
❤ Support Us





