- দে । শ
- আগস্ট ৫, ২০২৬
বাবরি নিয়ে কৌশলগত সংযম ভুল ছিল, মন্তব্য প্রাক্তন মন্ত্রী খুরশিদের
ক্ষমতায় থাকাকালীন সরকারকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, যা সেই মুহূর্তের পরিপ্রেক্ষিতে সঠিক বলে মনে হয়। কিন্তু পরে তা পর্যালোচনা করলে মনে হয়, সিদ্ধান্তগুলো আরও ভাল হতে পারত। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গে সরকারের গৃহীত কৌশল সম্পর্কে এমন মন্তব্য করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমান খুরশিদ। তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংসের সময় গৃহীত কৌশলগত সংযম ছিল এমনই একটা সিদ্ধান্ত, যা পরে ভুল বলে প্রমাণিত হয়েছিল। মঙ্গলবার আইনজীবী ও লেখক জাভেদ গয়ার বই ‘হার্টল্যান্ড রাইজিং: দ্য মেকিং অফ মেজরিটারিয়ান ইন্ডিয়া’–র প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন সলমান খুরশিদ।
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও সরকার কেন কৌশলগত সংযম অবলম্বন করেছিল, এই প্রশ্নের জবাবে খুরশিদ ঘটনাটিকে শরীরের একটা ফোঁড়ার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘যদি শুধু ফোঁড়াটির দিকে মনোযোগ দেন, তবে এটাকে খুব বেদনাদায়ক এবং কুৎসিত মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর তা থেকে সেরে ওঠে। পেছনে ফিরে তাকালে আমরা আমাদের সম্ভাব্য ভুলগুলো দেখতে পাই।’
সলমান খুরশিদ আরও বলেন যে, অনেকে আশঙ্কা করেছিলেন, আরও কঠোর পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি বলেন, ‘সেই সময়ে মনে করা হয়েছিল যে কৌশলগত সংযমই সঠিক পন্থা। কৌশলগত সংযম না নিতে হয়তো আরও বড় সমস্যা হতে পারত। কিন্তু পরে এটাও উপলব্ধি করা হয় যে, এই সংযমই হয়তো সেই শক্তিগুলোকে প্রকাশ্যে আসার সুযোগ করে দিয়েছে, যাদেরকে থামানো প্রয়োজন ছিল। বাবরি মসজিদ ধ্বংস হোক বা ২০০২ সালের গুজরাট দাঙ্গা, প্রতিটি ঘটনারই একাধিক কারণ, প্রশাসনিক ব্যর্থতা এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পষ্টভাবে মূল্যায়ন করা যায়।’
দেশভাগের উদাহরণ দিয়ে খুরশিদ বলেন, আজও মানুষ ভারতের দেশভাগের জন্য জওহরলাল নেহেরুকে দায়ী করে। তাঁর কথায়, ‘আজও প্রশ্ন উঠতে পারে যে, কেন দেশভাগ মেনে নেওয়া হয়েছিল বা গৃহযুদ্ধের ঝুঁকি নিয়ে কেন তা প্রত্যাখ্যান করা হয়নি। এগুলো এমন প্রশ্ন যার উত্তর পেছনের দিকে তাকালে দেওয়া সহজ। কিন্তু যখন আপনি ক্ষমতায় থাকেন এবং পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে, তখন আপনাকে সেই সময়ের পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। পরে আপনি হয়তো বুঝতে পারবেন যে আরও ভালও সিদ্ধান্ত নেওয়া যেত।’
দেশের রাজনীতিতে উত্তরপ্রদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন খুরশিদ। উত্তরপ্রদেশকে পরিবর্তনের চাবিকাঠি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভারত যদি দেশের প্রতিষ্ঠাতাদের দ্বারা পরিকল্পিত গণতান্ত্রিক ও বহুত্ববাদী ব্যবস্থায় ফিরতে চায়, তবে তার শুরুটা হবে উত্তরপ্রদেশ থেকেই। কেউ কেউ মনে করেন এই পরিবর্তন অসম্ভব। আবার অন্যরা বিশ্বাস করেন যে, এই পরিবর্তন হয় বিজেপির ভেতর থেকেই আসবে অথবা উত্তরপ্রদেশ জোট রাজনীতির একটা নতুন মডেল চালু করবে।’
অনুষ্ঠানে উপস্থিত লেখক ও শিক্ষাবিদ অপূর্বানন্দ স্বাধীনতা পরবর্তী কংগ্রেস সরকার এবং বিরোধী দলগুলোর রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ক্ষমতা পরিবর্তনের জন্য সমাজতান্ত্রিক ও বামপন্থী দলগুলো জন সংঘের সঙ্গে জোট করেছিল, যাকে তিনি একটি গণতান্ত্রিক প্রলোভন হিসেবে বর্ণনা করেছেন। দেশের জাতীয় চরিত্র নিয়ে অপূর্বানন্দের মন্তব্যের জবাবে সলমান খুরশিদ বলেন, ‘যে নেতারা সাম্প্রদায়িক ছিলেন না, তাঁরা গণতান্ত্রিক রাজনীতির নামে কেন এমন পরিস্থিতি মেনে নিয়েছিলেন তা বোঝা কঠিন। যা বলা হয়েছে তা সত্যি। কেন এমনটা ঘটল, তা আমাদের জাতীয় চরিত্র নিয়ে একটা বড় প্রশ্ন। তাঁরা সংকীর্ণমনা মানুষ ছিলেন না, যে কারণে এই প্রশ্নটি আজও গুরুত্বপূর্ণ।’
❤ Support Us





