- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৯, ২০২৬
মিড-ডে মিলে নুনের বদলে গুঁড়ো সাবান! অসুস্থ ৪০ পড়ুয়া
মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল অন্তত ৪০ জন পড়ুয়া। অভিযোগ, পড়ুয়াদের খাবারে নুনের বদলে ‘ভুল করে’ মিশে গিয়েছিল কাপড় কাচার গুঁড়ো সাবান। সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে কয়েক জনের পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়, আবার কেউ কেউ বমিও করতে থাকে।
ঘটনাটি ঘটেছে নালন্দার পারসি মিডল স্কুলে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিনের মতো মঙ্গলবারও অন্য একটি স্কুল থেকে মিড-ডে মিলের খাবার এসেছিল। খাবার পরিবেশন করার পর পড়ুয়ারা জানায়, সয়াবিনের তরকারিতে নুন হয়নি। এরপর পড়ুয়াদের চাহিদা অনুযায়ী স্কুলের তরফে খাবারে নুন দেওয়ার ব্যবস্থা করা হয়। অভিযোগ, নুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পড়ুয়ারা অসুস্থ হতে শুরু করে। পর পর বহু পড়ুয়া একইসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য বিহার শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্কুল কর্তৃপক্ষ এ ঘটনার দায় স্বীকার করেছেন। তাঁদের প্রাথমিক অনুমান, স্কুলের কোনো কর্মী ভুলবশত নুনের পরিবর্তে কাপড় কাচার গুঁড়ো সাবান পড়ুয়াদের খাবারে দিয়ে ফেলেছিলেন। সেই সাবান মেশানো খাবার খাওয়ার ফলেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পড়ুয়াদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে প্রত্যেক পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা নিরাপদে রয়েছে। তবে সম্পূর্ণভাবে নজরদারির জন্য বুধবারও তাঁদের হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনার খবর পৌঁছয় বিহার সরকারের কাছেও। মঙ্গলবারই অসুস্থ পড়ুয়াদের দেখতে বিহার শরিফ হাসপাতালে যান রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে তাঁদের চিকিৎসা যথাযথভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। ঘটনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও প্রশ্ন উঠেছে স্কুলে খাবার পরিবেশনের সময় নিরাপত্তা ও নজরদারি নিয়ে। নুনের পরিবর্তে কীভাবে কাপড় কাচার গুঁড়ো সাবান খাবারে মিশে গেল, সেই বিষয়টিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য মিড-ডে মিল পরিবেশন ও খাবারে প্রয়োজনীয় উপকরণ দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।
❤ Support Us





