- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৯, ২০২৬
মমতা জমানার ১৬০০ সুপার নিউমেরারি পদ প্রত্যাহার, হাইকোর্টে জানাল বর্তমান রাজ্য সরকার
উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের জন্য পূর্বতন তৃণমূল সরকারের তৈরি করা ১,৬০০টি সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, আগের সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই অতিরিক্ত পদগুলিতে আর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চমাধ্যমিক স্তরে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ বা ‘সুপার নিউমেরারি পোস্ট’ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। এই অতিরিক্ত পদ তৈরি এবং সেখানে নিয়োগের সিদ্ধান্তকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।
২০২৩ সালের এপ্রিল মাসে এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। ওই বেঞ্চ ১,৬০০টি সুপার নিউমেরারি পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে । পাশাপাশি, তৎকালীন মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পিছনে কোনও অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায়। শীর্ষ আদালত হাই কোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেখানে নিয়োগের বিষয়টিতে সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করেনি। আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজ্যের মন্ত্রিসভার এই ধরনের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করা হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।
এরই মধ্যে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে বর্তমান রাজ্য সরকার জানিয়ে দেয়, পূর্বতন সরকারের বিজ্ঞপ্তি অনুসারে ১,৬০০টি সুপার নিউমেরারি পদে নিয়োগের প্রক্রিয়া আর চালানো হবে না। ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফলে রাজ্যের ঘোষণার পর ১,৬০০টি সুপার নিউমেরারি পদের অস্তিত্ব কার্যত শেষ হয়ে গেল। অর্থাৎ, পূর্বতন সরকারের আমলে তৈরি করা এই অতিরিক্ত পদগুলিতে নিয়োগের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের সিদ্ধান্তে তা আর থাকছে না।
❤ Support Us





