Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৯, ২০২৬

মানব সুতারের ১০ উইকেট, গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে উড়িয়ে দিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
মানব সুতারের ১০ উইকেট, গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে উড়িয়ে দিল ভারত

গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুরন্ত বোলিং করে ভারতকে জয় এনে দিলেন মানব সুতার। দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন ১০ উইকেট। ভারতের স্পিনের ফাঁদেই আটকে গেল শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৪৬২ রান। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৮৪ রানে। ১৭৮ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ১৯৩। দুই ইনিংস মিলিয়ে ভারত এগিয়ে যায় ৩৭১ রানে। শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭২। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৮৪। চতুর্থ দিনেই ভারত জয়ের দিকে পা বাড়িয়েই ছিল।

পঞ্চম দিনে ৮৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কা খেলা শুরু করে। ১২২ রান করতে গিয়ে বাকি ৬টি উইকেট হারায় শ্রীলঙ্কা। গলের স্পিনিং ট্র‌্যাকে শেষদিনে শ্রীলঙ্কার পক্ষে ম্যাচ বাঁচানো যথেষ্ট কঠিন ছিল। কারণ, ক্রমশষ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ভারতীয় স্পিনাররা। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও সোনল দিনুশা দুর্দান্ত লড়াই করছিলেন। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৯৫ রান যোগ করেন। ১৪২ রানের মাথায় ধনঞ্জয় ডি সিলভাকে (‌৫৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার পরাজয় তখনই নিশ্চিত হয়ে যায়। এরপর নিরোশান ডিকওয়েলাকে (‌১০)‌ ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ।

ডিকওয়েলা আউট হওয়ার পর কেশর নুয়ান্থাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সোনল দিনুশা। দলীয় ১৯৯ রানের মাথায় তিনি আউট হতেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। ২০৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। সোনল দিনুশা ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন। কেশর নুয়ান্থা ২০ রান করে আউট হন। দুরন্ত বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট তুলে নেন মানব সুতার। দুটি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ পয়েন্ট টেবিলে ভারত অনেকটাই এগিয়ে এসেছে। পঞ্চম স্থানে থাকা ভারত এই জয়ের ফলে মোট পয়েন্টের সঙ্গে আরও ১২ পয়েন্ট যোগ করে মোট ৬৪ পয়েন্টে পৌঁছেছে। এর ফলে ভারতের পয়েন্টের শতাংশ বেড়ে ৪৮.১৫ থেকে ৫৩.৩৩ হয়েছে। অস্ট্রেলিয়া ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ৭৫.৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে এরপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। গলে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৪১.৬৭ থেকে কমে ৩৩.৩৩–তে নেমে এসেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!