- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৯, ২০২৬
মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। বুধবার কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস এই পরোয়ানা জারি করেন।
অভিযোগ, মামলাটি দায়ের হওয়ার পর একাধিক বার মহুয়া মৈত্রকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়। কিন্তু কোনওবারই তিনি আদালতে হাজির হননি। তাঁর আইনজীবীর মাধ্যমে জানানো হয়, সাংসদ ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে পারবেন না।
এই মামলার সূত্রপাত মহুয়া মৈত্রের একাধিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগকারীদের দাবি, ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও মহুয়া আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছিলেন। এছাড়াও মহিলাদের তুলসী মালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে তাঁর কিছু মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়। এর পর কৃষ্ণনগরের ঘূর্ণির কয়েকজন মহিলা-সহ স্থানীয় বাসিন্দারা আদালতের দ্বারস্থ হন।
মামলাটি কৃষ্ণনগর জেলা আদালতে ওঠে। একাধিক শুনানির পর বুধবার মহুয়া মৈত্রকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি।
মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাসের বক্তব্য অনুযায়ী, বুধবার আদালত মহুয়া মৈত্রকে বিকেল ৫টা পর্যন্ত হাজির হওয়ার সুযোগ দেয়। কিন্তু তাঁর আইনজীবী আদালতে জানিয়ে দেন, সাংসদ এদিনও হাজির হতে পারবেন না। এরপরই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ঘটনার পর মহুয়ার বিরুদ্ধে আদালতের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “এদের অনেক দম্ভ। কোথায় কী বলতে হয় কোনও ধারণা নেই। কিছু না করে পদ পেয়ে গেলে, যা হয়। আদালত যা মনে করেছে সেই নির্দেশ দিয়েছে।”
মামলাকারীদের অভিযোগ, মহুয়া মৈত্র ধারাবাহিক ভাবে একের পর এক আপত্তিকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছিল। একাধিক শুনানি ও সমনের পরও আদালতে সশরীরে হাজির না হওয়ায় শেষ পর্যন্ত বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল।
❤ Support Us





