Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৬

দার্জিলিঙে মধুচন্দ্রিমায় ভয়াবহ দুর্ঘটনা, বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ

আরম্ভ ওয়েব ডেস্ক
দার্জিলিঙে মধুচন্দ্রিমায় ভয়াবহ দুর্ঘটনা, বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ

বিয়ের পর মধুচন্দ্রিমায় পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক নববধূ। দার্জিলিঙের সিটঙে হোমস্টের বারান্দায় বার্বিকিউ করতে গিয়ে আগুনে ঝলসে গুরুতর আহত হন তিনি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা সমীর দাস ও নিকিতা সাহার বিয়ে হয়েছে মাত্র কয়েক দিন আগে। বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমার জন্য দার্জিলিঙের সিটঙে যান। বৃহস্পতিবার রাতে হোমস্টের বারান্দায় বার্বিকিউ করছিলেন নবদম্পতি। সে সময়ই ঘটে বিপত্তি।

হোমস্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বারান্দায় বার্বিকিউয়ের সামনে বসেছিলেন সমীর ও নিকিতা। তাঁদের বিপরীত দিকে এক ব্যক্তি বার্বিকিউ করতে সাহায্য করছিলেন। আচমকাই ওই ব্যক্তি বার্বিকিউয়ের আঁচে কোনো একটি পদার্থ ঢালতেই মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনের তীব্রতায় ঝলসে যান নিকিতা। স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে তাঁর পরনের গেঞ্জি খুলে নিকিতার গায়ে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সমীর। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাতেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

এর পর দ্রুত নিকিতাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বার্বিকিউয়ে ঠিক কী ঢালা হয়েছিল এবং কীভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী বলেন, মাত্র কয়েক দিন আগে বিয়ে হওয়া এই দম্পতি ঘুরতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়েছেন। তাঁর ধারণা, বার্বিকিউতে মাখন ঢালতে গিয়েই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি সম্পূর্ণ তদন্তসাপেক্ষ বলেও জানান তিনি। পর্যটকদের উদ্দেশে তন্ময় গোস্বামীর বার্তা, পাহাড়ে আনন্দ করতে গেলেও বার্বিকিউ বা আগুন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!