- দে । শ
- সেপ্টেম্বর ১৮, ২০২৬
জামিনের শর্ত ভঙ্গের অভিযোগ, ফের জেলে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে ?
নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় তিন বছর জেলবন্দি থাকার পর ২০২৫ সালের নভেম্বরে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিনের অন্যতম শর্ত হিসেবে প্রতি সপ্তাহে একদিন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও, তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবারও আদালতে হাজির হননি তিনি। এ পরিস্থিতিতে তাঁর জামিন খারিজ করে ফের জেলে পাঠানোর আবেদন জানিয়েছে সিবিআই।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর। ফলে ওই দিন আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়েই এখন তৈরি হয়েছে জল্পনা — জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে কি ফের জেল হেফাজতে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রথমে ইডি এবং পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালীনই তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসে। পরবর্তী সময়ে তদন্ত যত এগোয়, ততই নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মহলের একাধিক ব্যক্তির যোগসূত্র এবং তাঁদের বয়ান সামনে আসে।
মামলায় দীর্ঘ প্রায় তিন বছর জেলবন্দি থাকার পর ২০২৫ সালের নভেম্বর মাসে সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয়। আদালতের নির্ধারিত শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে একদিন করে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। তবে অভিযোগ, জামিন পাওয়ার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। বৃহস্পতিবারও তিনি হাজিরা দেননি। এই ধারাবাহিক অনুপস্থিতির কারণ দেখিয়ে তাঁর জামিন বাতিলের আবেদন করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার বক্তব্য, আদালতের নির্ধারিত শর্ত মানা না হলে জামিন বহাল রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল বর্তমানে অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি নিয়মিত আদালতে হাজিরা দিতে পারছেন না। আইনজীবীর আরও দাবি, পার্থ ইচ্ছাকৃতভাবে জামিনের কোনও শর্ত লঙ্ঘন করেননি। এখন আগামী ২৯ সেপ্টেম্বরের শুনানির দিকেই নজর রয়েছে। সেদিন আদালত সিবিআইয়ের জামিন বাতিলের আবেদন এবং পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার যুক্তি—দুই পক্ষের বক্তব্যই শুনবে। এরপর আদালতের সিদ্ধান্তেই স্পষ্ট হবে, শর্তসাপেক্ষে পাওয়া জামিন বহাল থাকবে, নাকি ফের জেল হেফাজতে যেতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
❤ Support Us







