Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৪, ২০২৬

সিকিমে লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা। বাড়ছে তিস্তার জলস্তর; বিপদের আশঙ্কা ডুয়ার্সেও

আরম্ভ ওয়েব ডেস্ক
সিকিমে লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা। বাড়ছে তিস্তার জলস্তর; বিপদের আশঙ্কা ডুয়ার্সেও

পাহাড়ে রাতভর প্রবল বৃষ্টির জেরে নতুন করে বিপর্যস্ত সিকিম। একের পর এক এলাকায় ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় ভয়াবহ ধস নেমেছে। পাশাপাশি সিংতাম-রংপো রুটেও ধসের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ২০ মাইল এলাকায় পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথরের চাঙড় গড়িয়ে পড়তে শুরু করে। কাদা, মাটি ও ধ্বংসস্তূপে ঢেকে যায় জাতীয় সড়কের একাংশ। পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠায় সড়ক যোগাযোগ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন সিকিমমুখী পর্যটকরাও। ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার জন্য পর্যটক ও সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন।

লাগাতার বৃষ্টির প্রভাব পড়েছে তিস্তা নদীতেও। সিকিমে একটানা বৃষ্টিপাতের কারণে তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। একই সঙ্গে পাহাড়ের বিভিন্ন অংশে মাটি ও পাথর নেমে আসায় নতুন করে একাধিক সড়কপথ বন্ধ হয়ে গিয়েছে।

সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের রিম্বি-ইউকসাম সড়কেও নতুন করে ভূমিধস হয়েছে। ২০ মাইল-বারদাং রোড-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বারদাং রোডের একাংশ জল ও কাদায় তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। অবিরাম বৃষ্টি এবং পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ার কারণে বৃহস্পতিবার সকালেই রিম্বি-ইউকসাম সড়ক বন্ধ করে দেওয়া হয়।

শুধু তাই নয়, পাহাড় থেকে ক্রমাগত মাটি-পাথর নেমে আসায় রিম্বি হয়ে খেচুপেরি থেকে গিয়ালশিংগামী সড়কও অবরুদ্ধ হয়েছে। ফলে পশ্চিম সিকিমের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে।

সিকিমের পাশাপাশি প্রতিবেশী নেপালেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত গোটা নেপালজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিশেষ করে গণ্ডকী ও লুম্বিনি প্রদেশে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নেপালের অন্যান্য কয়েকটি প্রদেশেও বন্যা, ভূমিধস এবং পাহাড় থেকে মাটি-পাথরের স্রোত নেমে আসার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালের আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে রাতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, ভুটানেও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। বৃষ্টির জেরে হড়পা বান ও ভূমিধসের সতর্কতা জারি করেছে ভুটান ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি।

ভুটানে প্রবল বৃষ্টির কারণে উত্তরের তোর্সা, রায়ডাক ও সঙ্কোশ নদীর জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীগুলির জলস্তর বৃদ্ধি পেলে উত্তরবঙ্গের ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুজোর মুখে বানারহাট, জয়গাঁ-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

ফলে সিকিম, নেপাল ও ভুটানে লাগাতার বৃষ্টির জেরে পাহাড় ও নদীঘেঁষা এলাকাগুলিতে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। একদিকে পাহাড়ে ভূমিধস, অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধির জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও তৈরি হয়েছে উদ্বেগ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!