- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৬
পুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা, অর্ধেক দামে মিলবে ময়দা-চিনি-সুজি
দুর্গাপুজোর আগে রেশন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিশেষ খাদ্যসামগ্রীর প্যাকেজ ঘোষণা করা হয়েছে। উৎসবের মরশুমে রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধার আওতায় আসবে। প্যাকেজে থাকছে ময়দা, চিনি এবং সুজি। এবার এই পণ্যগুলি বাজারদরের তুলনায় ৫০ শতাংশ কম দামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুজোর সপ্তাহে রেশন গ্রাহকদের জন্য এই বিশেষ প্যাকেজ কার্যকর হবে। প্রতিটি যোগ্য রেশন কার্ডধারী পরিবার ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি কিনতে পারবেন নির্ধারিত ভর্তুকিযুক্ত দামে। এর মধ্যে ১ কেজি ময়দার দাম রাখা হয়েছে ১৯ টাকা এবং ১ কেজি চিনির দাম ৩০ টাকা। তবে ৫০০ গ্রাম সুজির চূড়ান্ত মূল্য এখনো নির্ধারিত হয়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুজি সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া এখনও চলছে। ময়দা ও চিনির ক্ষেত্রে টেন্ডারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সুজির প্রক্রিয়াও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উৎসবকালীন রেশন প্যাকেজ বাস্তবায়নের জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্যাকেজের মোট ব্যয়ের একটি অংশ রাজ্য সরকার বহন করবে, ফলে উপভোক্তারা সংশ্লিষ্ট খাদ্যসামগ্রী অর্ধেক দামে পাওয়ার সুযোগ পাবেন।
রাজ্যের খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার রেশন পরিষেবার সঙ্গে যুক্ত। সেই হিসাবে ৮ কোটিরও বেশি মানুষ এই বিশেষ সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়েছে। শুক্রবারই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এই উৎসবকালীন প্যাকেজের কথা জানিয়েছিলেন। তবে তখন পণ্যগুলির নির্দিষ্ট দাম প্রকাশ করা হয়নি।
জানা গিয়েছে, শুরুতে পুজোর সময়ে ময়দা, চিনি ও সুজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরে বিনামূল্যে বিতরণের পরিবর্তে ৫০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুকূল হলে উৎসবের সময়ে এই পণ্যগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও খাদ্যমন্ত্রী জানিয়েছিলেন।
এ সুবিধা কি শুধুমাত্র দুর্গাপুজোর সময়েই দেওয়া হবে, না কি অন্যান্য ধর্মীয় উৎসবেও একই ধরনের ব্যবস্থা থাকবে — সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নও ওঠে। তার জবাবে খাদ্যমন্ত্রী স্পষ্ট করেন, এই প্যাকেজ কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়। দুর্গাপুজো উপলক্ষে ঘোষণা হলেও রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী পরিবারই এর সুবিধা পাবেন। অর্থাৎ প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবারই এই উৎসবকালীন খাদ্যসামগ্রীর প্যাকেজের আওতাভুক্ত হবে।
❤ Support Us







