- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৭, ২০২৬
রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলন ঘিরে দিল্লিতে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি বাড্রা এবং তাঁদের সঙ্গে থাকা কয়েক জন সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশের অভিযোগ, অনুমতি না নিয়েই তাঁরা আকাশবাণী ভবনের চত্বরে প্রবেশ করে সেখানে জমায়েত ও বিক্ষোভ করেন।
মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর নির্বাচন সদনের দিকে মিছিল করার কর্মসূচি নেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এবং জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছিল। পুলিশের দাবি, মিছিলের জন্যও আগে থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।
মিছিল নির্বাচন সদনের কাছাকাছি পৌঁছনোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এরপর বিরোধী সাংসদেরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। একে একে বেশ কয়েক জন সাংসদকে পুলিশ আটক করে। এই পরিস্থিতির মধ্যেই রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি বাড্রা আকাশবাণী ভবনের চত্বরে প্রবেশ করেন। তাঁদের প্রবেশের পর সেখানেই অবস্থান-বিক্ষোভ শুরু হয়।
পুলিশের বক্তব্য, আকাশবাণী ভবন চত্বরে প্রবেশের জন্য আগে থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি। সেখানে অবস্থান না করার জন্য রাহুল-প্রিয়ঙ্কাদের একাধিক বার অনুরোধ করা হলেও তাঁরা জায়গা ছাড়তে রাজি হননি বলে পুলিশের দাবি। অন্য দিকে, বিরোধী শিবিরের বক্তব্য ছিল, তাঁদের একটি প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।
বিরোধী সাংসদেরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার দাবিতে অনড় ছিলেন। কমিশনের তরফে অবশ্য পরে জানানো হয়, মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনও রাজনৈতিক দল আনুষ্ঠানিক ভাবে সাক্ষাতের সময় চায়নি। পরে পুলিশ মারফত সাংসদদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের অনুরোধের কথা কমিশন জানতে পারে। কমিশনের বক্তব্য, নিয়ম অনুযায়ী এই ধরনের বৈঠক নির্বাচন কমিশনের দফতরেই হওয়ার কথা।
এ দিকে আকাশবাণী ভবন চত্বরে কয়েক ঘণ্টা ধরে অবস্থান চলতে থাকে। পরে দিল্লি পুলিশের বড় বাহিনী সেখানে গিয়ে রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি এবং অন্যান্য বিরোধী নেতাদের সরিয়ে দেয়। তাঁদের আটক করে নিউ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দিল্লি পুলিশ সূত্রের দাবি, অনুমতি ছাড়া আকাশবাণী ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি চত্বরে প্রবেশ এবং সেখানে জমায়েত করে বিক্ষোভ করার অভিযোগেই রাহুল, প্রিয়ঙ্কা ও তাঁদের সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় এফআইআর দায়ের হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
মঙ্গলবারের ঘটনাকে ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় দিনভর ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন, পুলিশি বাধা, একাধিক নেতার আটক এবং শেষ পর্যন্ত আকাশবাণী ভবন চত্বরে অবস্থান—পুরো ঘটনাপ্রবাহেই নতুন মাত্রা যোগ করেছে এই এফআইআর।
❤ Support Us







