Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১২, ২০২৬

দেশজুড়ে ১৯৫ মামলা, গ্রেপ্তার প্রাক্তন শিক্ষক

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশজুড়ে ১৯৫ মামলা, গ্রেপ্তার প্রাক্তন শিক্ষক

দেশজুড়ে সাইবার অপরাধের জাল বেছানোর অভিযোগে প্রাক্তন এক শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত অমল কুমার ঘোষ কাটোয়া শহরের ডাকবাংলো রোডের বাসিন্দা। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকত। সেই টাকা নিয়মিতভাবে তুলেও নিতেন অমল। ওই অ্যাকাউন্টটি কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। মুর্শিদাবাদের সোনারুন্দিতে একটি অনাথ আশ্রম রয়েছে অমলের। অভিযোগ, ওই অনাথ আশ্রমকে সামনে রেখেই সাইবার ক্রাইমের জাল বিছিয়েছিল অমল। দিল্লি, গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, গোয়া-সহ বিভিন্ন রাজ্যে সবমিলিয়ে ১৯৫টি মামলা রয়েছে অমলের নামে। আদালতে পেশ করার সময় অবশ্য অমল দাবি করেন, ‘আমাকে মিথ্যা করে ফাঁসানো হয়েছে। সাইবার ক্রাইমের বিন্দুবিসর্গও আমি জানি না।’

অমলের বিরুদ্ধে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণা, চাকরির প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ, শেয়ার মার্কেটে লগ্নির টোপ দিয়ে টাকা হাতানো-সহ নানান সাইবার অপরাধের অভিযোগ রয়েছে। ব্যাঙ্ক সূত্রের খবর, তার নামে একটি ‘মিউল’ অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টটি সাইবার অপরাধীদের ভাড়া দিয়ে দেশজুড়ে প্রতারণা চক্র চালাতেন অমল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, একটা বড়সড় প্রতারক চক্রের সদস্য হিসেবে কাজ করতেন অমল। অমলকে জেরা করে গোটা চক্রটাকে জালে তুলতে চাইছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অমলের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ৭টি জেলা, মহারাষ্ট্রে ৮টি জেলা, জম্মু ও কাশ্মীরে ৪টি জেলা ও কেরালার ২টি জেলায় অভিযোগ দায়ের হয়েছে। শিক্ষক হয়ে এমন ঘৃণ্য কারবারের অভিযোগ ওঠায় অমলের নিন্দায় সরব কাটোয়ার শিক্ষা মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!