- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৬, ২০২৬
শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বুধবার আছড়ে পড়বে উপকূলে, লাল সতর্কতা জারি, ওড়িশায় স্কুল–কলেজ বন্ধ
রবিবার বঙ্গোপসাগরের একটা নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ‘অর্ণব’। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও পুদুচেরির যনমের মাঝামাঝি স্থলভাগের কোথাও আঘাত হানতে পারে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, কেরালা এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি এবং পাঞ্জাবসহ ১৫টি রাজ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
‘অর্ণব’ আঘাত হানার আশঙ্কায় বিভিন্ন রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার পাঁচটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখা হচ্ছে। ওড়িশা সরকার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরি জেলায় ২৮ ও ২৯ অক্টোবর সমস্ত স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া দিয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সংবেদনশীল জেলাগুলিতে ৮জন মন্ত্রীকে মোতায়েন করেছেন। আবহাওয়া বিভাগের মতে, এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, তামিলনাড়ু এবং কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যে প্রভাব ফেলবে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী স্থলভাগে ‘অর্ণব’ আছড়ে পড়ার পর, এই সময়ে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের সর্বোচ্চ বেগ ঘন্টায় ১৪০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাত থেকে পুদুচেরিতে একটানা বৃষ্টি হচ্ছে। এদিকে, তামিলনাড়ুতে ভারী বৃষ্টির কারণে রবিবার টানা দ্বিতীয় দিনের মতো ইরোড জেলার কোডিভেরি বাঁধ বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ ২৬ ও ২৭ অক্টোবর কেরালা এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। অন্যদিকে তামিলনাড়ু–পুদুচেরিতে রয়েছে কমলা সতর্কতা। কর্ণাটক এবং রায়লসীমাতে রয়েছে হলুদ সতর্কতা। ওড়িশা সরকার সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মচারীদের ছুটি বাতিল করেছে। তাঁদের অবিলম্বে নিজ নিজ সদর দফতরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের ৬০টি দল এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ১৭টি দল মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ , ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, আন্দামান-নিকোবর, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং গোয়া সহ দেশের ১৫টি রাজ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, আলিপুর আবহাওয়া দপতর জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। গোটা রাজ্যে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
❤ Support Us






