- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ২৬, ২০২৬
জ্বলছে ফ্রান্স, রাস্তায় ৪ লক্ষ বিক্ষোভকারী, চাপের মুখে ম্যাক্রোঁ সরকার
দেশের মুদ্রাস্ফীতি চরমে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। স্কুলের বাজেটও হ্রাস করেছে ম্যাক্রোঁ সরকার। এর প্রতিবাদে উত্তাল ফ্রান্স। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। শুধু রাজধানী প্যারিসেই প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ রাস্তায় নেমেছিল। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। প্রায় ১ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকটি ফরাসি শহরে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। সাধারণ মানুষের এই বিক্ষোভ এমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর চাপ বাড়াচ্ছে।
বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ছিলেন কালো পোশাক পরিহিত। তাঁদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। এই কালো পোশাক পরিহিতদের ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ত নুনেস উগ্রবামপন্থী হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিক্ষোভ চলাকালে পুলিশকে অস্বাভাবিক উচ্চ মাত্রার সহিংসতার সম্মুখীন হতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে প্রায় ৭০০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, বিক্ষোভ চলাকালে প্রায় ১০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্যারিসে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। সেখানকার বিক্ষোভগুলিতে ম্যাক্রোঁ সরকার ও পুলিশের সমালোচনা করে ট্রেড ইউনিয়নের ব্যানার ও পোস্টার দেখা যায়। নুনেস বলেছেন যে জনগণকে তাদের মতামত প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কেউ কেউ বিক্ষোভকে সহিংস রূপ দিতে চেয়েছিল। ছাত্র সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো জানিয়েছে যে তারা বিক্ষোভ চালিয়ে যাবে। তারা সরকারের কাছে প্রস্তাবিত বাজেট সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিক্ষাসহ অত্যাবশ্যকীয় জনসেবা খাতে আরও অর্থ বরাদ্দের দাবি জানাচ্ছে।
২০২৭ সালের মে মাসে ফ্রান্সে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। চলমান বিক্ষোভগুলি ম্যাক্রোঁ সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থল এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এমন এলাকা থেকে দূরে রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছে। সহিংসতা রোধ করতে প্যারিসের কিছু এলাকাসহ আরও কয়েকটি শহরে সীমিত সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পর্কহীন বিক্ষোভগুলিকে অবৈধ আখ্যা দিয়ে কর্তৃপক্ষকে সেগুলি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
❤ Support Us





