Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৬, ২০২৬

শাহকে নিয়ে মন্তব্য, সুলতানপুর আদালতে বেকসুর খালাস রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহকে নিয়ে মন্তব্য, সুলতানপুর আদালতে বেকসুর খালাস রাহুল

অমিত শাহকে নিয়ে ২০১৮ সালে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার, ২৬ অক্টোবর, উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত তাঁকে বেকসুর খালাস করে। বিচারক শুভম বর্মা রায় ঘোষণা করে জানান, রাহুল গান্ধির করা মন্তব্য মানহানিকর বলে বিবেচিত হয় না। রায় ঘোষণার সময় আদালতে সশরীরে উপস্থিত ছিলেন রাহুল নিজেও।

২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিশানা করেছিলেন রাহুল গান্ধি। একটি নির্বাচনী সভায় তিনি বলেছিলেন, “মানুষ ভুলে যান যে বিজেপি সভাপতি একজন খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি।” ওই মন্তব্যের মাধ্যমে তিনি সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলার প্রসঙ্গ তুলেছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালে ওই মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত অমিত শাহকে বেকসুর খালাস করেছিল।

রাহুলের ওই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তৎকালীন বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। অভিযোগকারীর দাবি ছিল, অমিত শাহ সম্পর্কে রাহুলের মন্তব্য অবমাননাকর এবং মানহানিকর। অন্যদিকে, রাহুল গান্ধি অভিযোগ অস্বীকার করে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁর আইনজীবী কাশী প্রসাদ শুক্লা মামলাটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তা খারিজের আবেদন জানান।

২০২৩ সালে এই মামলায় সশরীরে আদালতে হাজির হয়ে জামিন পেয়েছিলেন রাহুল। মামলার শুনানিতে তাঁর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী আরএস চীমা। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করে রাহুল গান্ধিকে বেকসুর খালাস করে। এর আগে ১৩ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও পরে তা পিছিয়ে ২৬ অক্টোবর করা হয়।

এদিকে, সোমবার মামলার শুনানিতে যোগ দিতে লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথেও দুর্ঘটনার মুখে পড়ে রাহুল গান্ধির কনভয়। গন্তব্যে পৌঁছনোর প্রায় ৩৫ কিলোমিটার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পিছন থেকে একটি অ্যাম্বুল্যান্স কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। এর জেরে পরপর পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় রাহুলের কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। তবে কনভয়ের যে অংশে সংঘর্ষ ঘটে, রাহুলের গাড়ি তার থেকে বেশ কিছুটা দূরে থাকায় তিনি নিরাপদে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পরেও নির্ধারিত আদালতে হাজির হন রাহুল গান্ধি। এরপর দীর্ঘদিন ধরে চলা মানহানির মামলায় তাঁর পক্ষে রায় ঘোষণা করে আদালত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!