- দে । শ
- অক্টোবর ২৭, ২০২৬
কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ প্রায় ৯৯ লক্ষ নাম ! নতুন করে যুক্ত ৮.৬৪ লক্ষ ভোটার
প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষে প্রকাশিত এই তালিকায় আগের তালিকার তুলনায় প্রায় ৯৯ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম কমেছে। অন্যদিকে, যাচাইকরণ প্রক্রিয়ার পর নতুন করে ৮ লক্ষ ৬৪ হাজার ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে কর্নাটকের ভোটার তালিকায় নাম ছিল ৫ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৩১৪ জনের। খসড়া তালিকা প্রকাশের সময় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। চূড়ান্ত তালিকায় নতুন করে ভোটারদের নাম যুক্ত হলেও আগের তালিকার তুলনায় মোট ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
চূড়ান্ত ভোটার তালিকার পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ২৫ লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় ৪ লক্ষ বেশি। পাশাপাশি, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২ হাজার ৮৪১ জন।
গত ৩০ জুন থেকে কর্নাটকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। গত আগস্টে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং ভোটারদের তথ্য যাচাইয়ের ভিত্তিতে সেই তালিকা থেকে প্রায় ১ কোটি ৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল বলে জানানো হয়। এই সংখ্যা পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকায় বাদ পড়া নামের তুলনায় প্রায় দ্বিগুণ বলে উল্লেখ করা হয়েছিল।
এরপর শুরু হয় ভোটারদের তথ্য যাচাই ও সংশোধনের পরবর্তী পর্ব। এই যাচাইকরণ প্রক্রিয়া ২৪ আগস্ট শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলে। অবশেষে ২৭ অক্টোবর প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। সংশোধনের পর নতুন করে ৮.৬৪ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়ায় খসড়া তালিকার তুলনায় ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে থেকেই কর্নাটকে এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চলছিল। বিরোধীদের অভিযোগ ছিল, বহু বৈধ ভোটারের নাম যথাযথ কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিরোধী দলগুলি কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর রয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, ভোটাররা নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালের মাধ্যমেও তালিকায় নিজেদের নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন।
উল্লেখ্য, গত বছর পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময় প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকেও বিপুল সংখ্যক নাম বাদ পড়েছিল। সেই তালিকায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজারের কিছু বেশি ভোটারের নাম ছিল না, যা মোট ভোটারের প্রায় ৭.৬ শতাংশ। সেই প্রেক্ষাপটে কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে কর্নাটকের ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় বাদ পড়া নামের সংখ্যা, নতুন করে যুক্ত হওয়া ভোটার এবং সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আগামী দিনে রাজনৈতিক বিতর্ক কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।
❤ Support Us






