Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১২, ২০২৬

কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের সঙ্গে শুভেন্দুর বৈঠক, আশায় বুক বাঁধছে ভাগীরথীর ভাঙন কবলিত জনপদ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের সঙ্গে শুভেন্দুর বৈঠক, আশায় বুক বাঁধছে ভাগীরথীর ভাঙন কবলিত জনপদ

নদী ভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছে কালনা ও কাটোয়া মহকুমার ভাগীরথী লাগোয়া ভাঙন কবলিত জনপদগুলি। ২ মহকুমার বিস্তীর্ণ এলাকার ভাগীরথীর ভাঙন এতটাই ভয়াবহ চেহারা নিয়েছে যে, আগামী বর্ষার আগে ভাঙন মোকাবিলায় স্থায়ী কাজ না করলে বহু জনপদ ভাগীরথীর পেটে চলে যাবে। ওইসব এলাকার বহু বাসিন্দার দাবি, ‘সহৃদয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু ভাঙন মোকাবিলায় স্থায়ী কাজের ব্যবস্থা করে আমাদের ভিটেমাটি, স্থায়ী সম্পথ, জমিজিরেত বাঁচান।

কাটোয়া ২নং ও পূর্বস্থলীর ২টি ব্লকের ভাগীরথী লাগোয়া বহু এলাকায় নদী ভাঙন বিপজ্জনক চেহারা নিয়েছে। কাটোয়ার অগ্রদ্বীপ, চর বিষ্ণুপুর, চর সাহাপুর, কালিকাপুর-সহ ভাগীরথী লাগোয়া বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয় ১৯৯৬ সালে। তারপর থেকে বেড়েই চলেছে। অগ্রদ্বীপ মধ্যপাড়ায় কয়েকটি বাড়ি ভাঙনের একেবারে মুখে চলে এসেছে। কিছুদিন আগে গ্রামের ঘোষপাড়ার প্রায় ৮০০ মিটার এলাকা গিলেছে ভাগীরথী। গ্রামের ফেরিঘাটমুখী রাস্তাটি ছিল ৪০ ফুট চওড়া। ভাঙনের কবলে পড়ে এখন ১৫ ফুটে দাঁড়িয়েছে। অগ্রদ্বীপ গ্রামেরই বাসিন্দা তথা কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ ভাঙনের সঙ্গে যুঝেই বড় হয়েছেন। জানালেন, ‘ভাঙনের বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। আশা করছি উনি ভাঙন মোকাবিলায় ইতিবাচক পদক্ষেপ নেবেন।’
ভাগীরথীর ভয়ঙ্কর ভাঙনে পূর্বস্থলী ১নং ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরগঞ্জের অস্তিত্বই মুছে যাওয়ার শামিল। ফেরিঘাটটিও ভাঙনের হাঁ-মুখের সামনে। এই ব্লকেরই সমুদ্রগড়ের কাছে জালুইডাঙায় ভাগীরথী ভাঙতে ভাঙতে একেবারে ব্যান্ডেল-কাটোয়া রেলপথের গায়ে চলে এসেছে।

কিছুদিন আগে নৌকায় চেপে প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙন কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার। কিছুদিন আগে সেচ দপ্তরের উদ্যোগে কিশোরীগঞ্জে প্রায় ৭০০ মিটার ভাগীরথীর পাড় বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করা হয়। কিন্তু সেসব বস্তা অচিরেই ভেসে গিয়েছে। বিধায়কের কাছে এলাকার বাসিন্দাদের দাবি, লোহার খাঁচা, বোল্ডার ফেলে ভাঙন মোকাবিলায় স্থায়ী সমাধানের ব্যবস্থা হোক। বিধায়ক বলেন, ‘সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, আধিকারিকদের বলেছি ভাঙনের স্থায়ী মোকাবিলার জন্য কী করা দরকার তার প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে। মুখ্যমন্ত্রীর কাছে ভাঙন মোকাবিলার গুরুত্বের বিষয়টি পেশ করব।’ পূর্বস্থলীর তামাঘাটা, পাটুলি, দামপাল, ঝাউডাঙা, কালনার কালীনগর এলাকাগুলিও ভাঙনের থাবার মুখে দাঁড়িয়ে মুছে যাওয়ার আশঙ্কায় কাঁটা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!