Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১২, ২০২৬

আবাস যোজনায় আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা, শুক্রবার ৪২০০ কোটি টাকা প্রদানের সূচনা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
আবাস যোজনায় আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা, শুক্রবার ৪২০০ কোটি টাকা প্রদানের সূচনা মুখ্যমন্ত্রীর

‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের আওতায় আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠানো হবে। পাশাপাশি ওই অনুষ্ঠানে পঞ্চায়েতের কাজকর্মের উপর একটি বই প্রকাশ করা হবে, যেখানে মুখ্যমন্ত্রীর লেখাও স্থান পাবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেওয়ার পর নিজস্ব কোষাগারের অর্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় মোট ৩০ লক্ষ ৬৫ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে ১২ লক্ষ উপভোক্তা আগের সরকারের আমলেই দু’দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছিলেন। অন্যদিকে, বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। ক্ষমতায় আসে বিজেপি সরকার।

নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ রাখা হয়। নতুন সরকারের তরফে ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার শুক্রবার আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হবে। অর্থাৎ, এই পর্যায়ে মোট ৪২০০ কোটি টাকা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে এখনও বেশ কিছু উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাকি উপভোক্তাদের মধ্যে ৪০ হাজারেরও বেশি মানুষের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে। এছাড়া কিছু উপভোক্তার বাড়ি তৈরির প্রাথমিক পর্যায়ের কাজও এখনও উল্লেখযোগ্যভাবে এগোয়নি। তাই তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

অন্যদিকে, আবাস যোজনার উপভোক্তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় যাঁদের বাড়ি তৈরির কাজ চলছে এবং যাঁদের বৈধ জবকার্ড রয়েছে, তাঁদের ‘জিরামজি’ প্রকল্পের আওতায় সর্বাধিক ৯০ দিনের শ্রমদিবসের মজুরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক কর্তাদের বক্তব্য, বাড়ি তৈরির সময় উপভোক্তারা নিজেরাই বিভিন্ন কাজে শ্রম দেন এবং নির্মাণকাজে যুক্ত থাকেন। কিন্তু সেই শ্রমের জন্য অনেক ক্ষেত্রেই তাঁরা কোনও মজুরি পান না। এবার তাঁদের সেই শ্রমকে জিরামজি প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট উপভোক্তারা অদক্ষ শ্রমিকদের জন্য নির্ধারিত হারে মজুরি পাবেন।

প্রসঙ্গত, সম্প্রতি পঞ্চায়েত ভবনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মে গতি আনার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। পাশাপাশি জিরামজি প্রকল্পের মাধ্যমে আরও বেশি কর্মদিবস তৈরির উপরেও বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই দ্রুত আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘোষণা অনুযায়ী, শুক্রবার আরও ৭ লক্ষ উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!