Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৬

বিশ্ব জুড়ে মাইক্রোসফ্‌ট বিপর্যয় ! অচল আউটলুক-কোপাইলট, আঁচ বিমান পরিষেবাতেও, দিল্লিতে বাতিল তিন উড়ান

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব জুড়ে মাইক্রোসফ্‌ট বিপর্যয় ! অচল আউটলুক-কোপাইলট, আঁচ বিমান পরিষেবাতেও, দিল্লিতে বাতিল তিন উড়ান

বৃহস্পতিবার থেকে বিশ্ব জুড়ে মাইক্রোসফ্‌টের একাধিক পরিষেবায় প্রযুক্তিগত বিভ্রাট চলছে। আউটলুক, টিমস-সহ সংস্থার বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। ইমেল পাঠানো বা গ্রহণ করা, ইনবক্স খোলা, অনলাইন বৈঠকে যোগ দেওয়া থেকে শুরু করে নথি আদানপ্রদান— একাধিক ক্ষেত্রে বিপাকে পড়েন ব্যবহারকারীরা। শুক্রবারেও ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। বিপর্যয়ের প্রভাব পড়েছে সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং বিমান পরিষেবাতেও। পরিষেবা পুনরুদ্ধারে একাধিক পদক্ষেপ করেছে মাইক্রোসফ্‌ট। সংস্থার দাবি, সার্ভারের একটি অংশে প্রযুক্তিগত সমাধান প্রয়োগের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কবে সমস্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে বিপর্যয়ের পিছনে কোনো ধরণের সাইবার হামলার প্রমাণ মেলেনি। বরং সার্ভারের ‘কনফিগারেশন’ এবং পরিকাঠামোগত সমস্যাকেই দায়ী করছে সংস্থা।

এ বিভ্রাটের প্রভাব পড়তে শুরু করল ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রেও। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি উড়ান বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে সংস্থার আরও দু’টি বিমান। যদিও অন্য বিমান সংস্থাগুলি এখনও পর্যন্ত বড় ধরনের কোনও বিপর্যয়ের কথা জানায়নি, তবু যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্ডিগো, আকাসা এয়ার এবং দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্য দিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফ্‌টের পরিষেবা বিভ্রাটের উপর নজর রাখা হলেও তাদের বিমান চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকালে দিল্লি থেকে পুণে, লেহ্‌ এবং মুম্বইগামী স্পাইসজেটের তিনটি উড়ান বাতিল করা হয়। পাশাপাশি দিল্লি থেকে দরভাঙা এবং মুম্বইগামী সংস্থার আরও দু-টি উড়ান নির্ধারিত সময়ের পরে ছেড়েছে। বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, মাইক্রোসফ্‌টের প্রযুক্তিগত বিভ্রাটের জেরে বিমান পরিষেবা পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এর ফলে উড়ানসূচি প্রভাবিত হয়েছে।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা গোটা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। তবে এখনও পর্যন্ত মাইক্রোসফ্‌টের বিভ্রাটের কোনও প্রভাব তাদের বিমান চলাচলের উপর পড়েনি। সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। যাত্রীদের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে আপাতত ইমেল ট্র্যাফিক অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যেই যাত্রীদের ইমেলের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের সতর্ক করেছে ইন্ডিগো এবং আকাসা এয়ারও। বিমান সংস্থা দু-টির তরফে উড়ান সংক্রান্ত সর্বশেষ তথ্যের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই আবেদন জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে যাত্রীদের নিজেদের উড়ানের সময়সূচি এবং বর্তমান অবস্থা যাচাই করে নিতে বলা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে শেষ মুহূর্তে উড়ানের সময় পরিবর্তন বা বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেই এই সতর্কবার্তা।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই বিশ্ব জুড়ে মাইক্রোসফ্‌টের একাধিক পরিষেবায় বড়সড় বিভ্রাট দেখা দিয়েছে। আউটলুকের মাধ্যমে ইমেল পাঠানো ও গ্রহণ করা, ইনবক্স খোলা এবং টিমসের বিভিন্ন পরিষেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, মাইক্রোসফ্‌ট ৩৬৫-এর অন্তর্গত ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং শেয়ারপয়েন্টের মতো পরিষেবাও প্রভাবিত হয়েছে। কোপাইলটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। পরিষেবা বিভ্রাটের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে আউটলুক সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে। ভারত-সহ বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে এই সমস্যা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত থেকেই ভারতের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সমস্যার কথা জানাতে শুরু করেন। শুক্রবার সকালেও নতুন করে অভিযোগের সংখ্যা বাড়তে দেখা যায়।

কেন আচমকা এ বিপর্যয়, তা খতিয়ে দেখছে মাইক্রোসফ্‌ট। সংস্থার প্রাথমিক অনুমান, পরিকাঠামোগত সমস্যা এবং সার্ভারের ‘কনফিগারেশন’ সংক্রান্ত পরিবর্তনের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক সার্ভার অপ্রত্যাশিত ভাবে কাজ করা বন্ধ করে দেওয়ায় পরিষেবায় বিঘ্ন ঘটে। আক্রান্ত সার্ভারগুলির ট্র্যাফিক অন্য সার্ভারে সরিয়ে দেওয়ার পর সেখানেও অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে পরিষেবা পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও জটিল হয়ে ওঠে।মাইক্রোসফ্‌টের তরফে জানানো হয়েছে, এক্সচেঞ্জ অনলাইন পরিষেবার মাধ্যমে ইমেল ব্যবহার করতে গিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে গ্রাহকেরা যে সমস্যার মুখে পড়ছেন, সে বিষয়ে তারা অবগত। সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করার পাশাপাশি পরিষেবা স্বাভাবিক করার জন্য একাধিক স্তরে কাজ চলছে। সংস্থার দাবি, বিপর্যয়ের পিছনে সাইবার হামলা বা কোনো ক্ষতিকর কার্যকলাপের প্রমাণ এখনো মেলেনি।

সমাজমাধ্যম এক্সে ‘মাইক্রোসফ্‌ট ৩৬৫ স্ট্যাটাস’ অ্যাকাউন্ট থেকেও পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, পরিষেবা বিভ্রাটের প্রভাব কমাতে সমস্ত রকম উপায়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। আক্রান্ত সার্ভারগুলির স্থিতিশীলতা ফেরানো এবং ব্যবহারকারীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পরিষেবা পুনরুদ্ধারের কাজ করতে গিয়ে অবশ্য নতুন সমস্যার মুখে পড়েছে সংস্থা। কয়েকটি সার্ভার ফের চালু করার পর সেখানে ব্যবহারকারীদের ট্র্যাফিক ফিরে আসতেই সেগুলি আবার অচল হয়ে পড়ছে। এইপরিস্থিতি সামাল দিতে আক্রান্ত পরিকাঠামোর দিকে যাওয়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, সাম্প্রতিক কিছু ‘কনফিগারেশন’ পরিবর্তন প্রত্যাহার এবং অতিরিক্ত ‘ভার্চুয়াল মেশিন’ চালু করে সার্ভারের ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। পরিকাঠামোর একটি অংশে প্যাচ প্রয়োগের পর সার্ভারের স্থিতিশীলতা বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে বলেও জানিয়েছে মাইক্রোসফ্‌ট। তবে সমস্ত পরিষেবা কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

এই বিভ্রাটের প্রভাব যে শুধু ইমেল বা অফিসের কাজকর্মে সীমাবদ্ধ নয়, ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে তার আঁচ পড়তেই তা আরও স্পষ্ট হয়েছে। বিমান সংস্থাগুলির দৈনন্দিন পরিচালনা, যাত্রীদের সঙ্গে যোগাযোগ, উড়ান সংক্রান্ত তথ্য আদানপ্রদান এবং বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ডিজিটাল পরিষেবার উপর নির্ভরশীলতা ক্রমশ বাড়ছে। ফলে একটি বড়ো প্রযুক্তি সংস্থার পরিষেবা অচল হয়ে পড়লে তার প্রভাব অন্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ঘটনা প্রযুক্তি পরিকাঠামোর উপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিও সামনে এনে দিয়েছে। কোনো একটি পরিষেবা প্রদানকারী সংস্থার উপর সমস্ত গুরুত্বপূর্ণ কাজের ভার থাকলে, সে সংস্থার সার্ভারে সমস্যা দেখা দিলে একসঙ্গে বহু পরিষেবা বিপর্যস্ত হতে পারে। তাই জরুরি যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা, অন্য প্রযুক্তি প্রদানকারীর পরিষেবা এবং প্রয়োজনে অফলাইন কাজকর্ম চালিয়ে যাওয়ার মতো পরিকাঠামো তৈরি রাখা প্রয়োজন। তবে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা এও সতর্ক করেছেন যে, পরিষেবা বিপর্যয়ের সময়ে কর্মীরা কাজ চালিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট কিংবা সংস্থার অনুমোদনহীন ফাইল আদানপ্রদানের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। তাতে সংস্থার গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!