- দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
২০২৭ সালে কমতে পারে রাজ্য সরকারি ছুটি ! কর্মসংস্কৃতি ফেরাতে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
‘ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।’ শুক্রবার সরকারি অফিস খোলার দিনেই এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীপুজো ও ভাইফোঁটার দীর্ঘ ছুটি কাটিয়ে শুক্রবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে রাজ্য সরকারি দফতর। আর এ দিনই নবান্নে সাংবাদিক বৈঠক করে আগামী বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে।
সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে পরবর্তী বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে রাজ্যের অর্থ দফতর। সেই হিসেবে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশের সময়ও এগিয়ে আসছে। তবে তার আগে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আগামী বছর কি রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমতে চলেছে? বাড়ানো হবে কি কর্মদিবসের সংখ্যা?
বর্তমানে রাজ্যে সরকারি ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন। ২০২৫ সালেও এই সংখ্যা ৫০ দিনের বেশি ছিল। তবে নবান্ন সূত্রে খবর, আগামী বছরের ছুটির তালিকা তৈরির প্রাথমিক পর্যায়ে অর্থ দফতরের তরফে প্রায় ৪৫ দিনের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই সংখ্যা আরও কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার কথা ভাবা হচ্ছে। যদিও কোন কোন ছুটি বাদ দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রশাসনিক সূত্রের খবর, মূলত বিভিন্ন উৎসবের সঙ্গে যুক্ত অতিরিক্ত বা পরপর পাওয়া ছুটির দিনগুলি বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, গত ১৫ বছরে এমন বেশ কিছু ছুটি চালু হয়েছে, যেগুলির বাস্তবিক প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে সরকারি কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে ছুটির তালিকায় রদবদল হতে পারে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিগত সরকারকে নিশানা করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগের সরকার মনে করত, ডিএ দেওয়া হবে না, পে কমিশন কার্যকর করা হবে না, আর কাজও কম করতে হবে। তাঁর কথায়, ‘কম ফাইল জমা পড়বে।’ সরকারি দফতরে কাজের গতি বাড়ানো এবং কর্মসংস্কৃতির উন্নতির উপর যে নতুন সরকার বিশেষ গুরুত্ব দিতে চাইছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে সেই বার্তাই স্পষ্ট বলে মনে করছে প্রশাসনিক মহল।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং বিশিষ্ট মনীষীদের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে সরকারি ছুটির সংখ্যা ক্রমশ বেড়েছিল। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, শিবরাত্রি, শবেবরাত, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, বিরসা মুণ্ডার জন্মদিন এবং করম পুজোর মতো বিভিন্ন উপলক্ষে ছুটি চালু হয়েছিল। এর ফলে রাজ্যের সরকারি ছুটির ক্যালেন্ডার আগের তুলনায় অনেকটাই দীর্ঘ হয়।
শুধু নতুন উৎসবের ছুটি নয়, দুর্গাপুজো, কালীপুজো এবং অন্যান্য উৎসবের ছুটির সময়সীমাতেও পরিবর্তন এসেছিল। বাম আমলে সাধারণত দুর্গাপুজোর ষষ্ঠী থেকে সরকারি অফিসে ছুটি শুরু হত এবং লক্ষ্মীপুজোর পরের দিন অফিস খুলত। কিন্তু তৃণমূল সরকারের আমলে কোনও কোনও বছর চতুর্থী থেকেই পুজোর ছুটি শুরু হয়েছিল।
একইভাবে কালীপুজোর ছুটিতেও পরিবর্তন আসে। আগে কেবল কালীপুজোর দিন সরকারি ছুটি থাকত। পরবর্তী সময়ে সেই ছুটি বাড়িয়ে ভাইফোঁটা পর্যন্ত করা হয়। আগে ভাইফোঁটায় রাজ্য সরকারি কর্মীদের জন্য আলাদা সরকারি ছুটি ছিল না। জামাইষষ্ঠীতেও আগে কোনও ছুটি ছিল না, বর্তমানে ওই দিন অর্ধদিবস ছুটি চালু হয়েছে।
অন্যদিকে, ছটপুজোর ছুটির ক্ষেত্রেও নিয়মে বদল এসেছে। আগে ছটপুজো ছিল সেকশনাল হলিডে। অর্থাৎ, যাঁরা ওই উৎসব পালন করতেন, মূলত তাঁরাই ছুটি পেতেন। বর্তমানে ছটপুজোয় সকল রাজ্য সরকারি কর্মীর জন্যই ছুটি চালু হয়েছে।
নবান্ন সূত্রে খবর, আগামী বছরের ছুটির তালিকা তৈরির সময় এই বিষয়গুলিও বিবেচনায় রাখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন উৎসবের সঙ্গে যুক্ত অতিরিক্ত ছুটি এবং ছুটির দিনগুলির বিন্যাসে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন ছুটি বহাল থাকবে, কোনগুলি বাদ যাবে এবং শেষ পর্যন্ত মোট কত দিন সরকারি ছুটি থাকবে, তা এখনও নিশ্চিত নয়।
সব মিলিয়ে ২০২৭ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার নিয়ে এখন থেকেই কৌতূহল তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং অর্থ দফতরের খসড়া তালিকা ঘিরে ছুটি কমার সম্ভাবনা জোরালো হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই। ডিসেম্বর মাসে প্রকাশিত হতে পারে সেই বহু প্রতীক্ষিত ছুটির ক্যালেন্ডার।
❤ Support Us







